পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ দক্ষিণবঙ্গে মোট ৪১ হাজার একটি বুথে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। এই আবহে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্বিতীয় দফার ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যে কলকাতাকে মোট ৩৫১টি সেক্টরে ভাগ করে ২২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এছাড়া টহলদারিতে থাকবেন অন্তত ১২ হাজার পুলিশ। অপরদিকে রাজ্যের দ্বিতীয় দফার ভোট হচ্ছে এমন জেলাগুলির হাইরাইজ ও গেটেড কমপ্লেক্সের প্রবেশপথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয় রাজ্যের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে।
এতকিছু সত্ত্বেও সকাল সকাল দক্ষিণ কলকাতায় কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দাবি করা হয়, রাসবিহারী কেন্দ্রে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ‘গুন্ডামি’ করছে। রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। এদিকে এখানে তৃণমূলের হয়ে লড়ছেন দেবাশীষ কুমার। আর বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্তকে। বামেদের তরফ থেকে এখানে সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী করেছে মানস ঘোষকে।
এদিকে দমদম ও নিটাউনে ভোট শুরুতে বিলম্ব। উত্তর দমদমের ২০৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বোতামে কালি লাগানো রয়েছে বলে অভিযোগ ওঠে। আবার মক পোলিংয়ের সময়ই ইভিএমে সমস্যা দেখা দেয় উত্তর দমদমের ১০ নম্বর বুথে। এদিকে সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো ভোটগ্রহণ শুরু হয়নি রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের আদিত্য একাডেমির ২২ নম্বর বুথে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া।
