‘ইসলাম প্রীতি’র জেরে কটাক্ষের মুখে নায়িকা

Spread the love

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। স্পিরিট আর কাল্কি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে চর্চায় রণবীর ঘরণী। স্বামী রণবীর সিংয়ের নতুন বিজ্ঞাপনের জেরে এবার বিদ্রুপের মুখে দুয়ার মা।

সম্প্রতি মরু শহর আবু ধাবি-র প্রচারে এক বিজ্ঞাপনী ক্যাম্পেনের অংশ হয়েছেন দীপবীর জুটি। সেখানেই হিজাব পরে রয়েছেন দীপিকা, যা দেখে চটেছেন নেটপাড়ার একটা বড় অংশ। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ঐতিহ্য এবং ইসলামকে সম্মান জানিয়েই হিজাব পরেন দীপিকা, অন্যদিকে রণবীরকে শেরওয়ানি লুকে দেখা গেছে। বিজ্ঞাপনে দু’জনেই আবুধাবির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেছেন। রণবীর-দীপিকার রসায়নে মুগ্ধ সকলেই। তবে দীপিকাকে হিজাবে দেখে ট্রোল করছেন কেউ কেউ।

এর আগে মেয়ের মুসলিম ঘেঁষা নাম রাখায় ব্যাপক ট্রোলের মুখে পড়েছিলেন দীপবীর। এবার হিজাব পরায় ফুঁসছে নেটপাড়া। অনেকের দাবি, নিজের দেশের সংস্কৃতির প্রচারে এতটা উদ্যমী হননি দীপিকা। কেউ কেউ দীপিকার ‘মাই চয়েস’ ভিডিওর কথা স্মরণ করে লেখেন, ‘এখন হিজাব পরে তিনি পর্যটনের প্রচার করছেন, তার নিজের ‘চয়েস’ স্ট্যান্ডের কী হয়েছে? এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী দীপিকার বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রশংসা করছেন, আবার কিছু ব্যবহারকারী ভারতের সংস্কৃতির প্রচার না করায় হতাশ। আপাতত দীপিকা ও রণবীর দুজনেই এই ট্রোলিং নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *