অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তাঁরা বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন। ছোট পর্দা দিয়ে শুরু করেছিলেন ঐন্দ্রিলা। অন্যদিকে, অঙ্কুশ বরাবর বড় পর্দাতেও রাজ করেছেন। তাঁরা জুটি বেঁধে বেশ কিছু ছবিও উপহার দিয়েছেন। তবে তাঁরা বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই। এবার অবশেষে নায়ক জানালেন খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা!
মঙ্গলবার ৩১ মার্চ ঐন্দ্রিলার জন্মদিন। ৩৪-এ পা দিলেন নায়িকা। জন্মদিনের শুভচ্ছে জানাতে গিয়েই অঙ্কুশ জানান তাঁরা খুব তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। মঙ্গলবার নায়ক ঐন্দ্রিলার সঙ্গে একগুচ্ছ ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন। সেখানে তাঁদের নানা সময়ের সব মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা।
ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘১৫ বছর হয়ে গেল। প্রায় একসঙ্গেই বড় হয়েছি… আমার দেখা সবচেয়ে সৎ, সুন্দর এবং খাঁটি মানুষটার জন্য অনেক অনেক ভালোবাসা… শুভ জন্মদিন। কামনা করি তুমি জীবনের সব সুখ পাও। আর হ্যাঁ ভবিষ্যৎ এ আমাদের বাচ্চা রা জন্মেই আমাদের দাদু-দিদা বলে যাতে না ডাকে তার জন্যে আর বেশি দেরি করা যাবে না কিন্তু।’ এই পোস্টের কমেন্টে বার্থ গার্ল রিপ্লাইও করে। ঐন্দ্রিলা লেখেন, ‘আমি বাকরুদ্ধ সব সময় ভালোবাসি তোমাকে, আমার প্রিয় বন্ধু, আমার সব দুষ্টুমির সঙ্গী আর আমার সবকিছু।’ এই পোস্টে আরও অনেকেই নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

একজন কমেন্ট করেন, ‘এবার মনে হয় বিয়ে করবে।’ আর একজন লেখেন, ‘এটাই তো আমি বলছি। সব সময়ই বলি বেশি দেরি করা যাবে না। কিন্তু এটা বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।’ আর একজন লেখেন, ‘এবার না বিয়ে করলে বাচ্চারা ভবিষতে দাদু-ঠাম্মা বলেই ডাকবে। তাই দেরি করো না।’ নায়ক মঙ্গলবার সকালে পোস্ট করার জন্য একজন আবার বলেন, ‘এই পোস্টটা রাত ১২টাই করা উচিত ছিল।’