ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বড় মন্তব্য ওমর আবদুল্লাহর

Spread the love

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বড় মন্তব্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর। এরই সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদের ক্ষমতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাসবাদী ঘটনায় বেড়ে যাওয়ায় এবং ইসলামাবাদে সরকারি পর্যায়ে গুরুত্বের অভাবের কারণে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব বলে মনে হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘এক্সপ্রেস আড্ডায়’ ভাষণ দিতে গিয়ে আবদুল্লাহ বলেন, সংলাপই একমাত্র উপায়, কিন্তু আলোচনার জন্য প্রয়োজনীয় ‘অনুকূল পরিবেশ’ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। উল্লেখ্য, এর আগে পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাত হয়েছিল। এদিকে সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের পরও ফের পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সীমান্ত এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে এর জন্য।

ওমর আবদুল্লাহ বলেন, এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য দায়ী পাকিস্তান। পহেলগাঁও এবং দিল্লিতে হামলা সহ সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বাস্তবে পরিস্থিতি এখনও প্রতিকূল এবং ভারত এই ধরনের উস্কানি উপেক্ষা করবে বলে আশা করা যায় না। তিনি বলেন, যতদিন দিল্লির মতো বিস্ফোরণের ঘটনা চলতে থাকবে, ততদিন ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার কথা কল্পনা করা কঠিন। এবং ভারতকে আলোচনার টেবিলে আহ্বান জানাতে হলে পাকিস্তানকেই পরিস্থিতি বদলাতে হবে বলে মত দেন ওমর। মুখ্যমন্ত্রী আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে পাকিস্তানকে অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এদিকে, ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদকে ‘শক্তিহীন’ পদ বলে বর্ণনা করেছেন। এই নিয়ে তিনি বলেছেন, ‘অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অনেক কম ক্ষমতা। এই আবহে এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার দুর্ভাগ্যের মুখোমুখি হচ্ছি আমি।’ জম্মু ও কাশ্মীরের বর্তমান প্রশাসনিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন ওমর আবদুল্লাহ। সরকারি কাজে লেফটেন্যান্ট গভর্নরের ক্রমাগত হস্তক্ষেপের অভিযোগ করেন ওমর। তিনি কেন্দ্রের কাছে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *