অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতকে ফের খোঁচা পাকিস্তানের

Spread the love

পহেলগাঁও নৃশংস হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর পাকিস্তান-ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দুই দেশের নাগরিকদের জন্যে বন্ধ হয়েছে দুই দেশে যাওয়ার রাস্তা। এই আবহে গত বছর এশিয়া কাপে দুবাইয়ের স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। তবে খেলার জন্যে পাক ক্রিকেটারদের মুখোমুখি হলেও সেই ম্যাচগুলিতে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মতো করে পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়েছে। খেলার শুরু এবং শেষে পাকিস্তানি খেলোয়াড়দের হাত মেলালননি ভারতীয় খেলোয়াড়রা। হ্যান্ডশেক বিতর্কের মধ্যে এবার পাকিস্তানি এশিয়া কাপ অধিনায়ক সলমন আঘার একটি বিজ্ঞাপন ভাইরাল হল।

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের একটি বিজ্ঞাপন প্রোমোতে হ্যান্ডশেক বিতর্ক উস্কে কৌশলে কটাক্ষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন ভারতীয় খেলোয়াড়রা করমর্দন করতে অস্বীকৃতি জানানোর জন্যে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা করেছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড। ২০২৫ সালের এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন মেন ইন ব্লু তিনটি খেলাতেই পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলেছিল। ভারত বনাম পাকিস্তান খেলায় যুব ও মহিলা দলগুলিও একই প্রবণতা অনুসরণ করেছিল। তবে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমনের সঙ্গে সঙ্গে পিসিবি আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছে। আসন্ন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ান সিরিজের একটি বিজ্ঞাপন প্রোমোতে, পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, একজন অস্ট্রেলিয়ান পর্যটক যখন ক্যাব চালকের সঙ্গে করমর্দন করতে চাননি, তখন অভিনেতা ‘শায়দ পড়োসিকে পাস ভি রুখে দ্য আপ’ বলে ব্যঙ্গ করেন। এবং তাঁকে নিন্দা করেন। ভিডিও তে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘাকেও দেখানো হয়েছে।

ভিডিওতে আরও দেখা গেছে, একজন অস্ট্রেলিয় পর্যটক পাকিস্তান ঘুরে বেড়াচ্ছেন। পাকিস্তান টি টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আঘা নিজেই সেই পর্যটকের রাতের খাবারের বিল পরিশোধ করে বলেন, ‘আপনি আমাদের অতিথি।’ পর্যটক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান পাকিস্তানের আতিথেয়তা তার খুব ভালো লেগেছে। ভিডিওর শেষ অংশে পর্যটক সলমন আঘাকে জানান, তিনি পাকিস্তানে দারুণ সময় কাটাচ্ছেন তবে অস্ট্রেলিয়া যদি টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারায় তাহলে আরও ভালো হবে। জবাবে সলমন আঘা বলেন, ‘আমরা সাধারণত খুব অতিথিপরায়ণ তবে ক্রিকেটের ক্ষেত্রে আমরা পুরোপুরি প্রস্তুত।’ অর্থাৎ ভারতের করমর্দন না করার বিষয়টি আবারও পরোক্ষভাবে তুলে ধরল পাকিস্তান। পেছনে একটি ব্যঙ্গাত্মক গানও দেখানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই দুই দল বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *