আফগানিস্তান ‘লাল রেখা’ অতিক্রম করেছে! অভিযোগ পাকিস্তানের

Spread the love

পাকিস্তানের বেসামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালিয়ে আফগানিস্তান ‘লাল রেখা’ অতিক্রম করেছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। শনিবার (১৪ মার্চ) সেনা দফতরসহ বিভিন্ন এলাকায় আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। তবে দুই পক্ষকে সংযম দেখানো এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।

শনিবার আফগান তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ তোলে পাকিস্তানের সামরিক বাহিনী। কিছু ড্রোন রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দফতর লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় পাকিস্তান।

যদিও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোয়েটা, কোহাট ও রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিককে আহত হন। বৃহস্পতিবার রাতে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি হামলার জবাবেই এ আক্রমণ চালানো হয় বলে ধারণা গণমাধ্যমের।

হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আফগান তালেবান ‘লাল রেখা’ অতিক্রম করেছে। 

সতর্ক করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ তোলে, আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান।

তিনি বলেন, শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *