‘আমি তিনবার ডুবতে ডুবতে বেঁচেছি…’! রাহুলের প্রয়াণের পর তালসারিতে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা….

Spread the love

২৯ মার্চ তালসারিতে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ভোলে বাবা পার করেগা’ মেগার শ্যুট করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। তাঁর এই অকাল প্রয়াণের পর অনেকে অভিনেতা- অভিনেত্রী শ্যুটিং চলাকালীন তাঁদের সঙ্গে ঘটে যাওয়া নানা দুর্ঘটনার কথা সামনে আনেন। এবার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যও জানালেন এই তালসারিতে গিয়ে তিনিও নাকি ৩ বার ডুবতে ডুবতে বেঁচেছেন।

টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘একটা ঘটনা না ঘটলে তো টনক নড়ে না। সত্যি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে ওখানে আমি তিনবার ডুবতে ডুবতে বেঁচেছি।’

প্রথমবার অবশ্য ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি প্রথমে মাধ্যমিকের পর তালসারি ঘুরতে গিয়েছিলাম একই ঘটনা ঘটেছিল।’

তারপর অবশ্য দু’বারই শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাঁর কথায়, ‘তারপর একটা শ্যুটিং করতে গিয়েছিলাম। সেটা আমার বিয়ের আগে। ওই কাজটা করতে গিয়ে আমার বরের সঙ্গে আমার পরিচয় হয়। সেখানে আমি আর কবিতা, ওখান থেকে আমরা একসঙ্গে কাজ করি। সুবর্ণরেখার জল বাড়ছে, আর সেই সময় ম্যাজিক লাইটে শট। ‘দৌড় দৌড়’ বলা হচ্ছে আমাদের। আমরা দৌড়ে এসে নৌকায় উঠলাম। সেই সময় আমার মা-ও আমাদের সঙ্গে ছিলেন। আর আমার স্বামী বলছিলেন ল্যাপেলটা খুলে দিয়ে যাও, এমন কিছু হয়নি, কিছু হবে না। তার পরবর্তীকালেও আরও একটা শ্যুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘ওই পৌনে ৫টার সময়, জলটা পায়ের পাতার নীচে থাকে, তারপর সুবর্ণরেখার জল আর সমুদ্রের জলটা এত বাড়ে গলা পর্যন্ত হয়ে যায়। কিন্তু ওখানে এমনটা লাইট থাকে যে সত্যি শ্যুটিংটা করার মতো। এত ভালো শট হয়…। কিন্তু আমরা তো ড্রোনে শ্যুট করিনি, আমাদের চারপাশে লোকজন ছিল। ড্রোনে শ্যুটিং করলে, ১০০ মিটার তো ফাঁকা করে দিতে হয়। ওই ফাঁকার মধ্যে কেউ এসে হাতটা ধরতে পারছে না। ওটাই মুশকিল হয়ে গিয়েছে। এটা অবশ্যই একটা দুর্ঘটনা। কিন্তু কাম্য নয়।’

প্রসঙ্গত, রাহুলের এই মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। পরিচালক থেকে প্রযোজক, কলাকুশলীরা এক-এক জন এক-এক রকমের কথা বলে। যার ফলে বিষয়টা আরও বিভ্রান্ত হয়। সেদিন আদৌও কী হয়েছিল এখনও তা সঠিক ভাবে জানা যায়নি। ফলে সবটা মিলিয়ে প্রযোজনা সংস্থার দিকেই অভিযোগের তীর ওঠে। বর্তমানে এই প্রযোজনা সংস্থা ইন্ডাস্ট্রি থেকে ব্যান। পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও আর্টিস্ট ফোরাম এফআইআরও করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *