ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় এক প্রবীণ দম্পতি নিহত

Spread the love

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক প্রবীণ দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এদিকে দোনেৎস্ক অঞ্চলে রুশ অধিকৃত একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় ১২ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতভোর ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার পরপর ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্টরা।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওডেসায় রাশিয়ার হামলায় ৭৫ বছর বয়সি এক দম্পতি নিহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহত্তর ওডেসা অঞ্চলের কৃষ্ণসাগর বন্দরের দিকে ইউক্রেনের সামুদ্রিক করিডোর দিয়ে যাওয়ার সময় দুটি রুশ ড্রোন একটি বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস-পতাকাবাহী জাহাজটিতে আগুন লেগে যায়, যা জাহাজের নাবিকরা নিভিয়ে ফেলে; এতে কেউ আহত হয়নি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া গত রাতে ইউক্রেনের ভূখণ্ডে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০৭টি ড্রোন নিক্ষেপ করেছে। তারা বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৯৬টি ড্রোনকে ‘ধ্বংস বা জ্যাম’ করেছে এবং ১০টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘আঘাত হেনেছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *