পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক প্রশ্ন তুলেছেন—রাশিয়া যদি কোনো ন্যাটো দেশে হামলা চালায়, তখন যুক্তরাষ্ট্র কি সত্যিই ইউরোপকে রক্ষা করার প্রতিশ্রুতি রাখবে? একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নকে একটি ‘বাস্তব শক্তিশালী জোট’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে টাস্ক বলেন, ইউরোপের সবচেয়ে বড় প্রশ্ন হলো—ন্যাটো চুক্তিতে যেমন বলা আছে, বাস্তবেও কি যুক্তরাষ্ট্র ততটাই প্রতিশ্রুতিবদ্ধ?
এ সময় তিনি সতর্ক করে বলেন, রাশিয়া কয়েক মাসের মধ্যেই ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে। তার মতে, এটি দূরের কোনো আশঙ্কা নয়, বরং স্বল্প সময়ের মধ্যেই ঘটতে পারে এমন ঝুঁকি।টাস্ক আরও বলেন, এমন পরিস্থিতিতে ন্যাটো—বিশেষ করে যুক্তরাষ্ট্র—দ্রুত ও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি জোর দেন, শুধু চুক্তি থাকলেই হবে না, বাস্তবে কার্যকর প্রস্তুতিও থাকতে হবে।তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা ধারা (আর্টিকেল ৫) এখনও কার্যকর, কিন্তু কখনও কখনও সন্দেহ হয়। এখন প্রয়োজন বাস্তব প্রস্তুতি।’
গত বছরের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রায় ২০টি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল। তার দাবি, অনেক মিত্র দেশ তখন বিষয়টির গুরুত্ব বুঝতে চায়নি।

টাস্ক ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। তার মতে, সত্যিকারের জোট হতে হলে শুধু কাগজে নয়, বাস্তব সামরিক সক্ষমতাও থাকতে হবে।এদিকে ফ্রান্স ও পোল্যান্ড ন্যাটোর পূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে। মহড়াটি বাল্টিক সাগর ও উত্তর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রতিবেদন অনুযায়ী, এই মহড়ায় ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে রাশিয়া ও বেলারুশের লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলনও দেখানো হতে পারে।