ইজরায়েলকে ‘ক্যানসার দেশ’ বলল পাক! পালটা জুটল ‘জঙ্গি’ বার্তা

Spread the love

Pakistan vs Israel: ইজরায়েলকে ‘ক্যানসার রাষ্ট্র’ বলে আক্রমণ শানাল পাকিস্তান। ইরান-আমেরিকা শান্তি আলোচনার আবহেই লেবাননে বেঞ্জামিন নেতানিয়াহুদের আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ইজরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’। যাঁরা ইজরায়েল রাষ্ট্র তৈরি করেছেন, তাঁরা যেন নরকে পুড়ে যান, সেই প্রার্থনাও করছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যে মন্তব্যের পালটা দিয়েছে নেতানিয়াহুরা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, এরকম মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সেই রেশ ধরে ইজরায়েল পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করবে কিনা, সে বিষয়ে আপাতত তেল আভিভের তরফে কিছু জানানো হয়নি।

‘নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল’, দাবি পাকিস্তানের

তবে পুরো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। যেটার সূত্রপাত করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ লেখেন যে ‘ইজরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, সেইসময় লেবাননে গণহত্যা চালানো হচ্ছে।’

সেইসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল। প্রথমে গাজায়, তারপর ইরানে, এখন লেবাননে। রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে যাঁরা ইউরোপিয়ান ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য প্যালেস্তাইনের মাটিতে এই ক্যানসার দেশকে তৈরি করেছে, তাঁরা যেন নরকে পুড়ে যান।’

পাকিস্তানকে কড়া বার্তা ইজরায়েলের

পালটা ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কড়া ভাষায় বলা হয় যে ‘ইজরায়েলকে নিশ্চিহ্ন করার যে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তা অত্যন্ত নিন্দনীয়। এই বিবৃতিটি কোনও সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না। বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে নয় যে নিজেকে শান্তির জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করছে।’

পাকিস্তানকে ‘জঙ্গি’ বললেন ইজরায়েলের বিদেশমন্ত্রী?

একইসুরে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা’র বলেন, ‘শান্তি মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা একটি সরকারের পক্ষ থেকে করার এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী অপবাদকে ইজরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখছে। ইহুদি রাষ্ট্রকে ক্যানসারের মতো আখ্যা দেওয়া কার্যত সেটির বিনাশের আহ্বান জানানোরই নামান্তর। যাঁরা এর ধ্বংসের শপথ নেন, সেইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইজরায়েল আত্মরক্ষা করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *