ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ মোটের ওপর বাংলায় শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। তবে অবেক জায়গায় অভিযোগ ওঠে ইভিএম খারাপ থাকার। এই আবহে হাতে কালি লাগানো হলেও ভোট দিতে পারেননি বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী রাজীব তিরকে। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কুমারগ্রাম বিধানসভার ১০/১০১ বুথে দক্ষিণ রামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমূল প্রার্থী রাজীব তিরকে ভোট দিতে আসেন। তবে তাঁর অভিযোগ, হাতে কালি লাগানোর পরে তিনি ভোট দিতে গেলে শুরু হয় সমস্যা। ইভিএমে ই-ব্যালট মিলছিল না বলে অভিযোগ করেন রাজীব। ফলে কালি লাগানো সত্ত্বেও ভোট দিতে পারেননি খোদ প্রার্থী।
প্রসঙ্গত, ৫টা থেকে আজ রাজ্যের ভোট কেন্দ্রগুলিতে মক পোল শুরু হয়। তারপর ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু কিছু কিছু জেলায় ইভিএম খারাপ থাকার অভিযোগ ওঠে। কুমারগ্রামে সেই সমস্যার জেরে প্রার্থী নিজে ভোট দিতে পারেননি। পরে খবর দেওয়া হয় সেক্টর অফিসারকে। এদিকে ইভিএম খারাপ থাকায় ভোটারদের লাইন দীর্ঘায়িত হতে থাকে। জানা যায়, দু’ঘণ্টা পেরিয়ে গেলেও ভোট গ্রহণ শুরু হয়নি ওই বুথে।
ভোট না দিতে পেরে তৃণমূল প্রার্থী রাজীব বলেন, ‘আমার বুথে আমি প্রথম ভোটার ছিলাম ৷ মক পোল ঠিক করেই হয়েছিল। কিন্তু কালি লাগানোর পর যখন ভোট দিতে গেলাম তখন ইভিএম দেখাচ্ছে ইনভ্য়ালিড। আমি ভোট দিতে পারিনি এখনও। সাধারণ মানুষও সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনকে বলব আপনারা অবিলম্বে ঠিক করুন, মানুষকে হেনস্তা করবেন না।’এদিকে ভোট দিতে এসে ঘুরে যেতে হয় গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণকেও। ২২৭ নম্বর বুথে এই সমস্যা দেখা যায়। ভোটিং মেশিন বিভ্রাটের জেরে সেখানেও নাজেহাল হন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে।
