ইরানের টোল সংগ্রহ শুরুর পর থেকে এই প্রথম কোনও ভারতীয় জাহাজ অতিক্রম করল হরমুজ

Spread the love

ভারতের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার জগ বিক্রম সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরে এই প্রথম কোনও ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল মুম্বইয়ে পৌঁছাবে এই এলপিজি ট্যাঙ্কার। জাহাজের ট্র্যাকিং ডেটা-তে দেখা যাচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে ট্যাঙ্কারটি। শনিবার বিকেলে হরমুজ প্রণালীর পূর্বে ওমান উপসাগরে পৌঁছায় সেটি।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২০ হাজার ৪০০ টন এলপিজি কার্গো রয়েছে এবং তাতে ২৪ জন নাবিক রয়েছেন। মুম্বই-ভিত্তিক গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানির মালিকানাধীন জগ বিক্রম একটি মাঝারি আকারের গ্যাস ক্যারিয়ার। ১ মার্চ থেকে এই নিয়ে নবম ভারতীয় জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সরকারি তথ্য বলছে, পশ্চিম এশিয়ার জলসীমায় এখনও বেশ কয়েকটি ভারতীয় জাহাজ রয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংয়ের একটি প্রতিবেদন অনুসারে, ১৪টি ভারতীয় জাহাজ বর্তমানে পারস্য উপসাগরে, ছয়টি ওমান উপসাগরে, তিনটি এডেন উপসাগরে এবং তিনটি লোহিত সাগরে রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরে ছয়টি জাহাজ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এরই মাঝে আবার হরমজ প্রণালী দিয়ে অতিক্রম করা জাহাজগুলির থেকে ইরান টোল নেওয়ার ঘোষণা করেছিল। তবে ভারতের এই জাহাজটি হরমুজ অতিক্রম করার সময় কোনও ‘ফি’ বা ‘টোল’ দিয়েছিল কি না, তা নিয়ে কিছু জানা যায়নি।হরমুজ প্রণালীর পশ্চিমে থাকা তিনটি এলপিজি ক্যারিয়ার, তিনটি এলএনজি ক্যারিয়ার এবং ১১টি অপরিশোধিত তেল ট্যাঙ্কার সহ মোট ১৭টি ভারতগামী জাহাজ চিহ্নিত করে রেখেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়। এর মধ্যে ৪টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং বাকি ১৩টি বিদেশি পতাকাবাহী জাহাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *