ইসরাইল-যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা হুতির

Spread the love

ইরান যুদ্ধে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির নেতা আব্দুল-মালিক আল-হুতি বলেছেন, তারা যেকোনো মুহূর্তে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত।বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিভিশনে দেয়া এক ভাষণে হুতি আনসারুল্লাহর নেতা আব্দুল-মালিক আল-হুতি বলেন, এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও পদক্ষেপের বিষয়ে ‘আমাদের আঙুল সবসময় ট্রিগারে আছে’। পরিস্থিতিতি অনুযায়ী প্রয়োজন হলে আমরা যেকোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

ভাষণে তিনি আরও বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইরানের মুসলিম জনগণের প্রতি সমর্থন নিশ্চিত করছি, আমরা বিভিন্ন ফ্রন্টে সক্রিয় রয়েছি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়।

হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এরইমধ্যে এই যুদ্ধে ইরানের পক্ষে যুক্ত হয়ে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। জবাবে লেবাবনে স্থল ও বিমান হামলা জোরদার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *