অবশেষে সামনে এল ‘বিগ বস বাংলা সিজন ৩’ (Bigg Boss Bangla Season 3)-এর নতুম প্রোমো। তবে রিয়্যালিটি শো-টির প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়া দু-ভাগে বিভক্ত। প্রোমোতে সঞ্চালক হিসেবে মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)-এর রাজকীয় উপস্থিতি নজর কাড়লেও, তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া।
গোটা প্রোমো জুড়ে শুধুমাত্র সৌরভের স্তুতি ও বন্দনা দেখে দর্শকদের একাংশ রীতিমতো হতাশ। অনেকেরই প্রশ্ন— এটি ‘বিগ বস’-এর প্রোমো নাকি ‘দাদাগিরি’র তা বুঝে ওঠাই দায়!
‘দাদা-বন্দনা’তেই শেষ প্রোমো, নেই কোনও আভাস!
প্রকাশ্যে আসা প্রোমোর দেখা যাচ্ছে লর্ডসের সেই আইকনিক মাঠে বাবা মেয়েকে পাঠ দিচ্ছেন জীবনে ফিয়ারলেস হওয়ার। কিংবা দ্বিতীয় ইনিংসে কীভেব ভয় না পেয়ে ফিরে আসা যায়। ‘দাদা আসছে নতুন ফর্মে, আসল খেলা এবার শুরু’- এমনটাই প্রোমোর ট্যাগ লাইন। প্রোমোর শেষে বিগ বসের চেনা জ্বলন্ত চোখের ব্যাকগ্রাউন্ডের সামনে দুই পাশে দুটি বাঘ নিয়ে স্যুট পরিহিত সৌরভ গঙ্গোপাধ্যায় হেঁটে আসছেন। অত্যন্ত জমকালো এবং রাজকীয়ভাবে ‘দাদা’কে উপস্থাপন করা হলেও পুরো ভিডিওটিতে শো-এর মূল নির্যাসই উধাও।
এবারের সিজনের থিম কী বা বিগ বসের অন্দরে কী ধরণের চমক থাকবে, তার কোনো ইঙ্গিত প্রোমোতে দেওয়া হয়নি। বিগ বসের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর প্রতিযোগীরা। কিন্তু প্রচার ঝলকে সম্ভাব্য কোনো প্রতিযোগীর নাম বা তাঁদের কোনো আকার-ইঙ্গিত রাখা হয়নি।
দর্শকদের হতাশা: প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শকদের অনেকেই মন্তব্য করেছেন, ‘এটা দাদাগিরির প্রোমো না বিগ বসের, তা আলাদা করাই মুশকিল!’ প্রচার ঝলকে শো-এর নিজস্ব মেজাজের চেয়ে সঞ্চালকের বন্দনাকেই বেশি গুরুত্ব দেওয়ায় মনঃক্ষুণ্ণ ভক্তরা।

কবে থেকে শুরু এবং কারা হতে পারেন প্রতিযোগী?
চ্যানেল সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরের গোড়াতেই স্টার জলসায় (Star Jalsha) শুরু হতে চলেছে এই বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো। প্রোমোতে কোনো আভাস না মিললেও টলিপাড়ায় সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে গুঞ্জন কিন্তু তুঙ্গে।
ইতিমধ্যেই বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম প্রতিযোগী হিসেবে চর্চায় উঠে আসছে, রয়ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর ননসেন শমীক।
টলিপাড়ার অন্যতম আলোচিত ও চর্চিত তারকা দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা তারকাদের পক্ষ থেকে এই নামের তালিকায় এখনও অফিশিয়াল সিলমোহর দেওয়া হয়নি।