বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরুর দিনই প্রতিবেশী বাংলাদেশ থেকে এল বড় খবর। সে দেশের নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই। তিনি বলেছেন, খেলাধুলা নিয়ে তাঁরা কোনও রাজনীতি করতে চান না। কোনও চ্যানেল আইপিএল দেখাতে চাইলে সরকার তাতে পূর্ণ সহযোগিতা করবে।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানিয়েছেন , কোনও চ্যানেল আইপিএল দেখাতে চাইলে সরকার তাতে পূর্ণ সহযোগিতা করবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছিল। সেই সময় আইপিএল সম্প্রচার, বিজ্ঞাপন এবং যে কোনও ধরনের প্রচারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকী বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতেও আসেনি। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুরু থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন। এরমধ্যেই জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাছে আইপিএল সম্প্রচারের ব্যাপারে এখনও কেউ আবেদন নিয়ে আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব।’
তিনি আরও বলেন, ‘কোনও চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই তা বিবেচনা করব।’ স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও জানান তিনি। তিনি বলেছেন, ‘আমরা কাউকে সম্প্রচার থেকে বাধা দেব না। স্টার স্পোর্টস যদি দেখাতে চায়, তারা দেখাতে পারে। আমাদের দেশের কোনও চ্যানেল চাইলে, সেটিও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে আমরা কাউকে জোর করব না আইপিএল সম্প্রচারের বিষয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতেই এই ‘ইউ-টার্ন’ নিয়েছে ঢাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বলেছেন, খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয় এবং তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফেও একই ইঙ্গিত মিলেছে। সংগঠনের অফিস সেক্রেটারি রেজাউল করিম লাবলু জানিয়েছেন, আগের অন্তর্বর্তী সরকারের দেওয়া আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞার এখন আর কোনও কার্যকারিতা নেই। তিনি আরও বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদের কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’

উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের কোনও ক্রিকেটার নেই। মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কেকেআর কিনলেও বিসিসিআই-এর নির্দেশে পরে তাঁকে বাদ দেওয়া হয়। তা সত্ত্বেও আইপিএল নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শনিবার প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়েই সম্প্রচারের এই নয়া অধ্যায় শুরু হতে চলেছে।