‘ছেলেকে বলবে লালবাতির গাড়ি…’ মঞ্চ থেকেই TMC প্রার্থীকে সতর্ক করলেন মমতা

Spread the love

নির্বাচনী প্রচারে মঞ্চ থেকেই দলীয় প্রার্থীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মানেই ‘মা-মাটি-মানুষের’ সরকার। তা যে শুধু প্রচারের ট্যাগ লাইন নয়, তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। মঞ্চ থেকে জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলেকে ‘লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার না’ করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার প্রচারের তৃতীয় দিনে রানিগঞ্জের নির্বাচনী সভায় বরাবরের মতো ‘অ্যাক্টিভ’ মুডে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। বক্তৃতার আগাগোড়া তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ যেমন সামনে এনেছেন, তেমনই বাংলার জন্য গেরুয়া শিবিরের ‘বঞ্চনা’র কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তবে ভোটের মুখে নিজের দলের প্রশংসায় পঞ্চমুখ হলেও ‘আত্মবিশ্লেষণ’-এর কথাও ভুলে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সভার একেবারে শেষলগ্নে, মঞ্চের সামনে থাকা মানুষের সঙ্গে তৃণমূল প্রার্থীদের পরিচয় পর্বের মধ্যেই উঠে আসে দল নেত্রীর সতর্কবাণী। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের হাত ধরে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁর ছেলের ‘ভুল’ ধরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হরেরামের উদ্দেশে তিনি বলেন, ‘তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে।’

বলে রাখা ভালো, জামুড়িয়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিং আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। সূত্রের খবর, তাঁর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। তৃণমূলের তরফেও ‘লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে’ বহুবার সতর্ক করা হয় তাঁকে। কিন্তু দলের কথা কানেই তোলেননি বলে অভিযোগ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। তাই শনিবার নিজেই ব্যাট ধরলেন স্বয়ং নেত্রী। ভরা মঞ্চ থেকে সরাসরি প্রেমপাল সিংকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর আগেও বিভিন্ন সভায় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় -অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, ‘এমন কোনও কাজ করবেন না, যাতে দলকে বিড়ম্বনায় পড়তে হয়’, দলের নাম ভাঙিয়ে যথেচ্ছ ব্যবহার যে কোনওভাবেই বরদাস্ত নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূলের ওয়ান ইন কমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *