ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: গ্রেফতার অ্যালেন সম্পর্কে যা জানা গেল

Spread the love

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ হলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ট্রাম্পকে সরিয়ে নেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামলাকারীকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন বলছে, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যালেন একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলের একটি সিকিউরিটি চেকপয়েন্টে অতর্কিত হামলা চালান।

ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প দাবি করেন, নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। তিনি বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাকে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ, তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।

রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানটি হচ্ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে চলছিল ডিনার। ওই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ করে নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।

ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *