তিন মেয়েকে সঙ্গে নিয়ে জীবন সংগ্রামের গল্প বলতে আসছে ‘অন্ন মা’ সোমা

Spread the love

কিছুদিন আগেই শোনা গিয়েছিল এবার মেগায় ফিরছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে। এই ধারাবাহিকে স্বস্তিকা ঘোষকেও দেখা যাবে লিডে। তাছাড়াও থাকবেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। আর এবার প্রকাশ্যে এল মেগার প্রথম প্রোমো।

প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটি ঘরের দরজার তালা খুলে, দরজার সামনে লেবু-লঙ্কা ঝোলাচ্ছেন পর্দার ‘অন্ন মা’ সোমা বন্দ্যোপাধ্যায়। আবহেও তাঁরই কন্ঠ। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘লোকে বলে স্বামীর কর্তব্য রোজকার করে সংসার চালানো। আর একজন স্ত্রীর কর্তব্য সেই রোজকারের টাকা দিয়ে সংসার লালন-পালন করা।’ কিন্তু ‘অন্ন মা’র কাঁধেই এই দুই দায়িত্ব। আসলে ‘অন্ন মা’-এর কোনও পুত্র সন্তান না হওয়ায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে ‘অন্ন মা’ একাই তার সংসারের দায়িত্ব নেয়। আদর, যত্নে তিন মেয়েকে বড় করে সে। পাশাপাশি আয় করার জন্য চালায় হোটেলও। সেই সবটাই প্রোমোয় ‘অন্ন মা’ সোমার কন্ঠেই শোনা যায়। শেষে আবহে ভেসে আসে স্বস্তিকার কণ্ঠ স্বর।

মেগার প্রোমো প্রকাশ্যে এলেও, মেগা কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে অবশ্য এখনও চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অন্নপূর্ণার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের চরিত্রের থাকছেন স্বস্তিকা, ইপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয় মেয়ে কে হবেন তা খোলসা হয়নি।স্বস্তিকা ও সৌম্যদীপ—উভয়েই এর আগে মেগা হিট ধারাবাহিকের মুখ ছিলেন। তাই তাঁদের এই নতুন জুটি দর্শকদের কাছে কতটা সমাদৃত হয়, এখন সেটাই দেখার বিষয়। এই মেগায় স্বস্তিকার লুক হবে একদম পাশের বাড়ির সাধারণ মেয়ের মতোই। পরনে সুতির সাদামাটা সালোয়ার কামিজ, চুলে বিনুনী, কপালে ছোট্ট টিপ। অন্যদিকে, সাদামাটা সুতির শাড়ি, কপালে লাল টিপ ও খোঁপায় একদম ঘরোয়া লুকে দেখা মিলবে সোমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *