পানিহাটি থেকে CPIM প্রার্থী প্রত্যাহারের ডাক একদা বামমনস্ক চিকিৎসকের

Spread the love

২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলা। তার থেকেও উত্তপ্ত সম্ভবত পানিহাটি। যেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। তবে নজর কিন্তু বিজেপির দিকে। বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে বিজেপর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর-কাণ্ডে অভয়ার মা। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে ও মেয়ের সঠিক বিচার পেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পানিহাটি কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন তিনি। এবার নতুন দাবি তুললেন একসময় বামমনস্ক হিসাবে পরিচিত চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সমর্থনে নিজের ‘পুরনো শিবির’ বামেদেরই ‘তোপ’ দাগলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর উচিত পানিহাটি থেকে নাম প্রত্যাহার করে নেওয়া। কোনওভাবেই যেন অভয়ার মা হেরে না যান, সেটা নিশ্চিত করতে হবে। বলে রাখা ভালো, বামেদের হয়ে অতীতে ভোটপ্রচারেও দেখা গিয়েছে নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। সেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়কেই আবার সদ্য দেখা গিয়েছে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত আরজি কর আন্দোলনের অন্যতম মুখ। এমনকী ওই সময় বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছে তাঁকে। নির্বাচনী ময়দানে নামার আগেও অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলতান দাশগুপ্ত। কিন্তু বিজেপির সদস্যপদ গ্রহণের পরই তৃণমূলের পাশাপাশি কলতানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভয়ার বাবা-মা। তাঁদের স্পষ্ট বার্তা, রাজ্যে সিপিএম শূন্য। ওদের ভোট দিয়ে লাভ হবে না। বরং ভোট কাটাকুটির অঙ্কে সুবিধা তৃণমূলের। আন্দোলনের আবেগকে ভোটের মঞ্চে তোলা হলে সেটাও মেনে নেওয়া হবে না।

অভয়ার মায়ের সেই সুরই প্রতিধ্বনিত হল চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলছেন, ‘আমি কলতানকে বলব তোমার প্রার্থীপদ প্রত্যাহার করে নিও। কলতান আমার খুব ঘনিষ্ঠ। ওকে বলব, অভয়ার মা-কে পানিহাটি থেকে জেতাতেই হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। ভোট কাটাকুটিতে তৃণমূল যাতে সুবিধা না পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’ শুধু কলতান নয়, তাঁর বাবার কাছেও নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ‘ছেলেকে বোঝান, ও যাতে প্রার্থী প্রত্যাহার করে নেয়।’ তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষেরও প্রার্থী প্রত্যাহার করা উচিত বলে দাবি চিকিৎসকের। এদিকে, বিজেপি প্রার্থী হতে চাওয়ায় দিকে দিকে সমালোচিত হচ্ছে অভয়ার মা-বাবাকে। বিশেষত বাম মহল থেকে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাঁদের। পাল্টা বামপন্থীদের তোপ দেগেছেন তাঁরাও। অভয়ার মা-বাবার দাবি, মেয়ের বিচার বিলম্বিত হওয়ার নেপথ্যে বামেরাও কারণ। এমনকী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তাঁরা। যদিও তাতে ক্ষুব্ধ নন চিকিৎসক। তিনি জানিয়েছেন, ‘অভয়ার মা-বাবা যা সিদ্ধান্ত নেবেন আমি তাঁর পাশে আছি। এখন রাজ্যে একটাই স্বর, পরিবর্তন চাই। সেজন্য অভয়ার মা-বাবা যদি ভোটে দাঁড়ান, তাহলে তাঁকে জেতানোর দায়িত্ব পানিহাটিবাসীর।’ কলতান দাশগুপ্তের উদ্দেশে তাঁর আহ্বান, প্রার্থী হতেই হবে, এমন তো কথা নেই। মানুষের কাজ প্রার্থী না হয়েও করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *