অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত সোমবার তাঁর পরিবারের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৪০তম জন্মদিন উদযাপন করেছেন । সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি দিনটিকে তাঁর প্রিয়জন ও প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গে কাটানো একটি স্মরণীয় দিন বলেছেন।
সোশ্যাল মিডিয়া এই বিশেষ উদযাপনের পোস্টটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘আজ পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সময় ও নির্দেশনা পেয়েছি। এটা আমার জন্য একটা স্মরণীয় জন্মদিন হয়ে রইল।’ প্রধানমন্ত্রীর উপস্থিতি ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ কথা বলেছেন।
কঙ্গনার শেয়ার করা ছবিতে প্রধানমন্ত্রী-সহ তাঁর বাবা-মা ও ছোট ভাগ্নে-সহ পুরো পরিবারকে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যায়, তিনি প্রধানমন্ত্রী মোদীর সামনে বসে কথা বলছেন এবং তাঁর ভাগ্নে আপন মনে খেলছে। অন্য একটি ছবিতে তাঁর বাবা-মাকে প্রধানমন্ত্রীর সামনে হাতজোড় করে বসে থাকতে দেখা যায়, এবং প্রধানমন্ত্রীকে হাসতে দেখা যায়।
কঙ্গনা ও তাঁর পরিবারও প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীকে একটি হিমাচলি তাঁতের শাল উপহার দিয়েছেন, যা তাঁর নিজ রাজ্য হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতিফলন। উপহারগুলোর মধ্যে হিন্দু দেবতা বিষ্ণুর দশ অবতার, অর্থাৎ বিষ্ণু দশাবতারের একটি চিত্রকর্মও ছিল, যা সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক। জন্মদিন উপলক্ষে কঙ্গনা একটি সাদা তাঁতের শাড়ি পরেছিলেন।
২০২৪ সালে মান্ডি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন কঙ্গনা। তিনি এর আগেও বিভিন্ন জনসভায় এবং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

কাজের সূত্রে, মনোজ তাপাদিয়া পরিচালিত ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-তে অভিনয় করবেন কঙ্গনা। বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিটি ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা এবং কামা ও অ্যালব্লেস হাসপাতালের কর্মীদের সাহসিকতার কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হবে। ছবিতে কঙ্গনা একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।