১২ দিন পর অবশেষে বাড়ি ফিরল ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত রোদ্দুর

Spread the love

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে যায়, যেখান থেকে জানা যায় ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের অন্যতম সদস্য রোদ্দুর চট্টোপাধ্যায় ভীষণভাবে অসুস্থ। চিকিৎসার জন্য একটি বিপুল অর্থে প্রয়োজন। খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন খুদের বাবা মা।

রোদ্দুরের এই অসুস্থতার খবর শেয়ার করা হয় একাধিক তারকার ফেসবুক পেজেও। ইমন চক্রবর্তী থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, রোদ্দুরের অসুস্থতার খবর ছড়িয়ে দিয়েছিলেন বহু মানুষ। রোদ্দুরের সঙ্গে দেখাও করতে এসেছিলেন অনেকে।হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে রোদ্দুরের বাবা-মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন, রোদ্দুরের অবস্থা স্থিতিশীল, তাই ৬ লক্ষ টাকার মধ্যেই সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই খুদের বাবা-মায়ের সঙ্গে সকলের মুখে ফুটে উঠেছিল হাসি। এবার আরও একটি ভালো খবর দিলেন রোদ্দুরের অভিভাবক।

সোশ্যাল মিডিয়ায় খুদের একটি ছবি পোস্ট করে তারা লেখেন, ‘দীর্ঘ ১২ দিন পর গত ১৭ মার্চ মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ অ্যাপেলো নার্সিংহোম থেকে রোদ্দুরকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে এসেছি আমরা। বুকে এখনও জল আছে, আগের থেকে একটু ভালো আছে। দুর্বল খুব, ইমিউনিটি কম। দু-তিন মাস প্রচন্ড যত্নে রাখতে হবে। যারা যারা ওর পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

এছাড়াও অঙ্কুশ হাজরা থেকে জীতু কমল, জি বাংলার প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন রোদ্দুরের অভিভাবক। এমনকি রোদ্দুরের নাচের স্কুলের যারা সাহায্য করেছেন এই দুঃসময়ে, তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁরা।

প্রসঙ্গত, রোদ্দুরের মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন গত ৫ মার্চ হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে রোদ্দুর। শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমে শিশু মঙ্গল হাসপাতাল এবং পরবর্তীকালে বাইপাসের অ্যাপেলো হাসপাতালে ভর্তি করানো হয় রোদ্দুরকে। জানা যায়, রোদ্দুর নিউমোনিয়ায় আক্রান্ত এবং বাম দিকের ফুসফুসে জল জমে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *