রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয়বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। শোনা যাচ্ছে, দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে। গীতা এলএল বি’-এর পর এই মুহূর্তে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে কাজ করছিলেন রাহুল। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকও দারুণ উপভোগ করছিল। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় থমকে গিয়েছে টলিপাড়া।
সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি সে কথা বলার অবকাশই রাখছে না। এই খবরে গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘তুমি আসবে বলে’ ডেইলি সোপে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। একসময়ের সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বলেন, “এই খবর অত্যন্ত শকিম। মেনে নেওয়া যায় না। খুব ভাল কাজ করছিল। সিনেমা, সিরিয়াল, থিয়েটার, লেখালেখির কাজ সব কিছু সুন্দর সামলাচ্ছিল।”
