একের পর এক শিল্পীকে হতে হচ্ছে হেনস্থার শিকার। লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিকের পর এবার হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সম্প্রতি বনগাঁর একটি অনুষ্ঠানে পারফরম্যান্স করার কথা ছিল তাঁর। অনুষ্ঠানে দেরি করে যাওয়ার ফলে মঞ্চেই অপমানের শিকার হলেন তিনি।
মিমি চক্রবর্তী কেন দেরি করে অনুষ্ঠানে এসেছেন সেই অজুহাতে পারফরমেন্সের মাঝেই কার্যত জোর করে মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই গোটা ঘটনার বিরুদ্ধে তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে তেমন কোন কথা জানা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন মিমি চক্রবর্তী নিজেই।
মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমাকে নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেখানে পারফরম্যান্স চলাকালীন দর্শকদের সামনেই হঠাৎ করে আমাকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হয়। অনুষ্ঠানে বহু মানুষ আমার জন্য অপেক্ষা করেছিলেন এবং আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

অনেকেই সেখানে ছিলেন যারা আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু সকলের সামনেই আমাকে অপমান করা হয়। আমি মঞ্চ ছেড়ে চলে যাই এবং গোটা ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হই। যদি আজ আমি চুপ থাকি তাহলে এমন ব্যবহার বারবার হতে থাকবে আগামী দিনে।