প্রেমদিবসে গাঁটছড়া বাঁধতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু। এক দিকে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে আইবুড়ো ভাতের পর্ব চলছে পুরোদমে। আধ বিকালে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু করে দিলেন রণজয়-শ্য়ামৌপ্তি। খোকা-খুকীর আইবুড়ো ভাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তথাগত।
ছবিতে দেখা যাচ্ছে, হবু দম্পতি পাতে থালা সাজিয়ে ভাত খাচ্ছেন, আর সেই ছবিতে নাক গলাতে ব্যস্ত তথাগতর চারপেয়ে সন্তান তরী। ‘আইবুড়ি তরী’র ফটো-বম্ব স্পেশালিস্ট জানিয়ে দিয়েছেন তথাগত। এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল, যা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। গুড্ডি সিরিয়ালের সূত্রেই বন্ধুত্ব তথাগত ও রণজয়-শ্যামৌপ্তির। তথাগত পরিচালিত রাসে হালে কাজও করেছেন রণজয়।
এদিন শ্যামৌপ্তি ও রণজয়কে দেখা গেল একদম ক্যাজুয়াল লুকে। রণজয়ের পরনে ছিল ঘিয়ে রঙের ফুল হাতা টি-শার্ট এবং নীল ডেনিম। অন্যদিকে শ্যামৌপ্তি সেজেছিলেন একটি সাদা সোয়েটশার্ট আর কালো প্যান্টে। দুজনেই হাসিমুখে তথাগতর আতিথেয়তা উপভোগ করছেন।
আইবুড়ো ভাতের রাজকীয় মেনু
ঝকঝকে সাদা মার্বেলের মেঝেতে বসে ট্র্যাডিশনাল কায়দায় আইবুড়ো ভাত খেলেন দুজনে। পাতে ছিল খাঁটি বাঙালির পছন্দের সব পদ। সাদা ভাত এবং ভাজাভুজির মধ্যে ছিল কুচি কুচি করে কাটা মচমচে ঝুরি আলু ভাজা। সাথে পরিবেশিত হয়েছে শাক, ঘন মুগ ডাল এবং সবজি।মাছের একটি পদের পাশাপাশি ছিল সুন্দর করে সাজানো শসা-পেঁয়াজ-টমেটো-গাজরের স্য়ালাড। তবে এদিনের হাইলাইট মেনু ছিল বিরিয়ানি ও মাটন কষা।

১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র দিনই শ্যামৌপ্তি ও রণজয়ের বিয়ে এবং রিসেপশনের সব পর্ব একই দিনে সম্পন্ন হবে। দক্ষিণ কলকাতার এক রিসর্টে ঘরোয়া এবং ব্যক্তিগত পরিসরে হবে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। বিয়েতে থাকবে বাঙালিয়ানা। সাজ-পোশাকেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। রণজয় জানিয়েছেন, বাঙালি বিয়েতে যেমন সাজ থাকে, অর্থাৎ বিয়েতে জোর পরবেন নায়ক। লাল বেনারসিতেই সাজবেন শ্য়ামৌপ্তি। খাবার মেনুতেও থাকবে বাঙালি পদ। ষাটের দশকে যেমন বিয়ে হত, তেমনভাবে বিয়ে করতে চান অভিনেতা। বাঙালি মতেই বিয়ে করবেন শ্য়ামৌপ্তি-রণজয়। তবে অভিনেতা স্পষ্ট করেছেন, সেই সকল রীতিনীতিই বিয়েতে পালন করা হবে যা আনন্দ বাড়ায়। বাকি সব কাটছাঁট করা হবে।