ভূত বাংলার হিট গান গেয়ে কী বলছেন আরভান?

Spread the love

টলিপাড়া থেকে সফর শুরু করা সেই দেব অরিজিৎ এখন বলিউডের আর্ভাণ। আর তাঁর নতুন পরিচয়? অক্ষয় কুমারের ‘প্লেব্যাক সিঙ্গার’। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ ছবির প্রথম গান ‘রামজি আকে ভালা করেঙ্গে’। মাত্র কয়েক দিনেই যা ইউটিউবে ৩৪ মিলিয়নের বেশি ভিউ পার করে ফেলেছে। হাসিখুশি অথচ অদ্ভুত এক শিহরণ জাগানো এই গানের মাধ্যমেই আর্ভাণের কণ্ঠ এখন সমাদৃত আসমুদ্রহিমাচলে।

প্রীতমের ছায়ায় ৫ বছর:

হঠাৎ করে এই সুযোগ আসেনি। গত ৫ বছর ধরে বলিউডের সফল সঙ্গীত পরিচালক প্রীতমের কোর টিমের অবিচ্ছেদ্য অংশ আর্ভাণ। প্রীতমের স্টুডিওতে গান তৈরির প্রতিটি ধাপ তিনি কাছ থেকে দেখেছেন। গায়ক জানালেন, ‘প্রীতম দার সঙ্গে আমার এই জার্নিটা খুব অর্গানিক। গানটির জন্য যখন একটি বিশেষ ধরণের কণ্ঠস্বরের খোঁজ চলছিল, প্রীতম দা মনে করেছিলেন আমার কণ্ঠই গানটির জন্য সঠিক হবে।’ ‘রামজি আকে ভালা করেঙ্গে’ গান নিয়ে বিতর্কও কম হয়নি। এই গানটির মধ্যমে সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়েছেন প্রীতম। যদিও অনেকের চোখেই এটা নিছক সস্তা অনুকরণ মাত্র।

অক্ষয়-প্রিয়দর্শন ম্যাজিক ও আর্ভাণ:

একদিকে প্রিয়দর্শনের পরিচালনা, অন্যদিকে অক্ষয় কুমারের কমিক টাইমিং— এই দুইয়ের মাঝখানে নিজের কণ্ঠকে বসানো ছিল আরভানের কাছে এক বিশাল চ্যালেঞ্জ। কুমারের লেখা কথা এবং ধ্রুবজ্যোতি ফুকনের ভোকাল প্রোডাকশনে গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর্ভাণের কথায়, ‘অক্ষয় স্যারের লেগাসি আমরা সবাই জানি। তাঁর হয়ে প্লেব্যাক করাটা ভাগ্যের ব্যাপার।’

খাদান থেকে ভূত বাংলা— কলকাতার কানেকশন:

কেবল বলিউড নয়, বাংলার হার্টথ্রব দেব-এর হয়েও আর্ভাণ মাতিয়েছেন। সম্প্রতি দেবের ছবি ‘খাদান’-এর ‘রাজার রাজা’ গানটি তাঁর কণ্ঠেই জনপ্রিয় হয়েছে। মুর্শিদাবাদের একটি বাঙালি পরিবারে বেড়ে ওঠা এই গায়ক নিজের সাংস্কৃতিক শিকড় ভোলেননি। বাংলার মাটি থেকে উঠে এসে মুম্বইয়ের রাজপথ কাঁপানো— আরভানের এই উত্থান বহু নতুন প্রতিভার কাছে অনুপ্রেরণা।

আগামী দিনে কী অপেক্ষা করছে?

আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ভূত বাংলা’। পরেশ রাওয়াল, টাবু, রাজপাল যাদবের মতো তারকাখচিত এই ছবিতে আরভানের গানটি ইতিমধ্যেই সুপারহিট। তবে এখানেই শেষ নয়, বলিউডের আরও বড় কিছু প্রজেক্ট এবং বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে আসছেন আর্ভাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *