এসআইআর-র প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। চলতি সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে বলে এর আগে জানা গিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। কিন্তু সেই তালিকায় ‘বিবেচনাধীন’ ভোটারদের নিষ্পত্তি কবে হবে, তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন ছিল গোড়া থেকেই। সেই আবহে চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে পারে বলে জানা যায়। যে ২৪ লক্ষের নিষ্পত্তি হয়নি এখনও পর্যন্ত, তারমধ্যে ৮ লক্ষের নাম বাদ যেতে পারে বলেও কমিশন সূত্রে উঠে আসে। কিন্তু নতুন করে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কমিশন সূত্রে খবর, ৮০ হাজার বুথের মধ্যে এখনও পর্যন্ত ৬০ হাজার বুথের তালিকা তৈরি বাকি রয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিচারকরা চাইছেন না ইদের মধ্যে তালিকা প্রকাশিত হোক। কারণ, নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা। ইদের মধ্যে তালিকা বেরোলে হুমকির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সব দিক ঠিক থাকলে তবেই সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে বলে জানা যাচ্ছে।
কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম তালিকায় ৪০ শতাংশ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, কমিশন সূত্রে খবর, কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। ৮০ হাজার ৭০০ বুথের মধ্যে তালিকা তৈরি হয়েছে ২০ থেকে ২৫ হাজার বুথের। জানা গিয়েছে, আগে ৮০ হাজারের তালিকা তৈরি করবে কলকাতা হাইকোর্ট। তারপর তা নির্বাচন কমিশনকে পাঠানো হবে। কমিশনের কাছে তালিকা পৌঁছতেই তা আপলোড করা হবে। আপলোড করতে অন্তত ৬ ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। আগামিকাল ছুটির দিনে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে চলতি সপ্তাহে তালিকা প্রকাশিত নাও হতে পারে।

আতঙ্কে জুডিশিয়াল অফিসাররা
এই মুহূর্তে বাংলায় আতঙ্কে রয়েছেন এসআইআর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। বৃহস্পতিবারই দুই দফায় ডিজি ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সিইও ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেও বৈঠক করেন। জানা গিয়েছে, বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পালের সামনে উদ্বেগ প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। সামনে ইদ, তাই উৎসবের মরশুমে তালিকা প্রকাশে মত নেই বিচারকদের। তাঁদের আশঙ্কা, ইদের সময় তালিকা বেরোলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। হুমকির মুখে পড়তে হতে পারে তাঁদের। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়টি পুরোপুরি কলকাতা হাইকোর্টের দিকে ঠেলে দিয়েছে কমিশন। কারণ ভোর ৩টের সময়ই সফ্টওয়্যার হাইকোর্টে পৌঁছে যায়। হাইকোর্টের নির্দেশ পেলে সেই সফ্টওয়্যারের মাধ্যমে, ছ’ঘণ্টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে বলে জানা গিয়েছিল। এখনও বৈঠক চলছে। শেষ পর্যন্ত কী হয়, সেদিকে তাকিয়ে সকলেই।
কী বলছে তৃণমূল-বিজেপি?
বিচারকদের আশঙ্কা প্রকাশ প্রসঙ্গে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘বিচারকরা যদি আশঙ্কা প্রকাশ করেন, তাহলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোন জায়গায় গিয়েছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, কোনও একটি সম্প্রদায় ক্ষেপে গেলে এক সেকেন্ডের মধ্যে বারোটা থেকে তেরোটা হয়ে যাবে।’ জনসাধারণের কাজে তাঁর আর্জি, ‘শীত ঘুম থেকে জেগে উঠুন, কোন বিপদের মধ্যে রয়েছেন তা বোঝার চেষ্টা করুন।’ অন্যদিকে বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘আগে তালিকা প্রকাশ হয়েছে। বিচারকদের উপর হামলা হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। এই প্রচার যাঁরা করছেন, সেটা অসত্য। আর বিচারকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ ও হাইকোর্টের। এখানে আমাদের কোনও কাজ নেই।’