বাবা মুসলিম, মা হিন্দু। সর্ব ধর্ম সমন্বয়ের পরিবেশেই বড় হয়েছে শাহরুখ-গৌরীর তিন সন্তান। মন্নতে যেমন সাড়ম্বরে গণেশ পুজো পালিত হয়, তেমনই ইদও উদযাপন করা হয়। শাহরুখ-গৌরীর প্রেমে যেমন ধর্ম বাধ সাধেনি, তাঁদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও অন্তরায় হয়নি ধর্ম নিয়ে দ্বন্দ্ব। যদিও গৌরী নিজের মুখে একবার জানিয়েছিলেন, বড় ছেলে আরিয়ান বাবা শাহরুখের ন্যাওটা। তাই সে মুসলিম ধর্মই মেনে চলে।
ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে কাজ করতেই শুরু থেকে আগ্রহী ছিলেন আরিয়ান। সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনা করেছেন আরিয়ান। এই সিরিজ নিয়ে চর্চার শেষ নেই।
এই সিরিজের মাধ্যমে বলিউডে কামব্যাক করেছেন কোই মিল গায়া খ্যাত অভিনেতা রজত বেদী। সম্প্রতি অভিনেতা ফাঁস করেছেন যে শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ এবং আরিয়ান তাঁদের অফিসে লক্ষ্মী পুজো করেছিলেন। রজত বেদী জানান, কীভাবে শাহরুখ খান এবং আরিয়ান খান ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর কাজ শুরু করেছিলেন। রজত শেয়ার করেছেন যে শাহরুখ খান এবং আরিয়ান তাদের অফিসে লক্ষ্মী পূজার পরে শুটিং শুরু করেছিলেন। তিনি বলেন, ‘শ্যুটিং শুরুর আগে অফিসে লক্ষ্মীপুজো ছিল এবং সমস্ত ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্য এবং সিরিজের সাথে যুক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেদিন শাহরুখ ও আরিয়ানকে দৃশ্য নিয়ে আলোচনা করতে দেখছিলাম, আর ভাবছিলাম আরিয়ান কতটা বড় হয়েছে। আমি তাদের সমীকরণ পর্যবেক্ষণ করছিলাম’।
তিনি আরও বলেন, এই সিরিজে নিজের ছেলেরসাথে কাজ করতে পেরে তিনি সন্তুষ্ট, এই সিরিজের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছে রজত-পুত্র। বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য মন্নতে এই সিরিজের ট্রেলারের প্রিমিয়ার আয়োজন করেছিলেন আরিয়ান। রজতের কথায়, ‘মন্নতের ভিতরে যাওয়া বাকিংহাম প্যালেসে যাওয়ার মতো ছিল।’

কোনওদিনই ধর্ম শাহরুখের বাড়িতে চাপিয়ে দেওয়া হন নি। শাহরুখ আগেও বহুবার জানিয়েছেন তাঁর পরিবারে সব ধর্মের উত্সব পালন করা হয়। এসআরকে আগে তাঁর সন্তানদের নিয়ে জানিয়েছিলেন, ‘আমি আমার ছেলে-মেয়ের এমন নাম রেখেছি যাঁর মধ্যে ধর্ম বা জাতি নির্বিশেষে একটা সর্বভারতীয় ভাবনা রয়েছে-আরিয়ান এবং সুহানা’। একবার এক রিয়ালিটি শো-এর মঞ্চে শাহরুখ বলেছিলেন, ‘আমরা কখনই হিন্দু-মুসলমানের কথা আলোচনা করিন না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হল হিন্দুস্তান। যখন ওঁরা স্কুলে গিয়েছিল, সেখানে ফর্মে ভর্তি করতে হয় যে তোমার ধর্ম কোনটা? আমার মেয়ে সেই সময় আমাকে এসে জিজ্ঞাসা করেছিল বাবা আমাদের ধর্ম কি? আমি ওখানে সুহানার ফর্মে লিখে এসেছিলাম আমাদের ধর্ম ভারতীয়। এর বাইরে আমাদের আর কোনও ধর্ম নেই’।
এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য এবং সাহের বাম্বা, আন্যা সিং, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিং এবং মনোজ পাহওয়া।