যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া

Spread the love

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে তাঁরা এই সুখবর ভাগ করে নিয়েছেন।

দিব্যাঙ্কা এবং বিবেক তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নীল পোশাকে পাশাপাশি বসে থাকা দুটি শিশুর একটি ছবি শেয়ার করেছেন। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা সুখ চেয়েছিলাম… ঈশ্বর বললেন, ‘দ্বিগুণ নাও।’ যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি।’

পাশাপাশি আরও একটি আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো… ‘ছেলেরা’ এসে গিয়েছে, আর জীবন ইতিমধ্যেই আমাদের কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়ে উঠেছে। আমার করণ অর্জুন এসে গিয়েছে! দিভ এবং আমি যখন মাতৃত্ব ও পিতৃত্বের এই অসাধারণ নতুন অধ্যায় শুরু করছি, তখন আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন।’

এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের অনুরাগী এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু সহকর্মী শুভেচ্ছাবার্তায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী লিখেছেন, ‘ওহ মাই গড! তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’ অন্যদিকে শ্রদ্ধা আর্য মন্তব্য করেছেন, ‘ওয়াওওও… ইয়েইইই!’ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে-ও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ওয়াওওও, কী মিষ্টি… অভিনন্দন বন্ধুরা।’ এমনকী এক অনুরাগী মন্তব্যে লিখেছেন, ‘আশা করি ডি (দিব্যাঙ্কা) এবং বাচ্চারা দুজনেই ভালো আছে! ছেলেদের সঙ্গে তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ভিডি (বিবেক দাহিয়া)!’

বিয়ের প্রায় ১০ বছর পর, চলতি বছরের মার্চ মাসে দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে গর্ভধারণের খবর প্রকাশ করেছিলেন। ভিকি লালওয়ানি-কে বলেছিলেন, ‘জুন মাসের মাঝামাঝি সময়ে বাচ্চার জন্ম হওয়ার কথা। বিবেক আর আমি ঠিক এই সময়েই একটি সন্তান চেয়েছিলাম; আমরা চেষ্টা করেছি, আর সেটা সফল হয়েছে। আমরা সত্যিই ধন্য। আমাদের বাবা-মাও খুব আনন্দিত। প্রথমে আমি বিবেককে এই খবরটা জানাই, তারপর প্রায় সঙ্গে সঙ্গেই আমরা দু’জনের পরিবারকে জানিয়ে দিই। ছেলে হোক বা মেয়ে, আমাদের কোনও বিশেষ পছন্দ নেই। আর হ্যাঁ, এটাও বলতে হবে যে আমরা পুরো ছয় মাস ধরে এই খবরটা গোপন রাখতে পেরেছিলাম।’বিবেক দাহিয়া এবং দিব্যাঙ্কা ত্রিপাঠীর প্রথম দেখা হয় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ইয়ে হ্যায় মহব্বতে-এর সেটে। দীর্ঘ দিনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এবং শেষ পর্যন্ত ২০১৬ সালের জুলাই মাসে ভোপালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *