যাঁর উপস্থিতিতে চারদিকে হাসির রোল ওঠে, সেই ভারতী সিং-এর চোখে জল! হাসির রিয়্যালিটি শো ‘লাফটার শেফস’-এর সেটে এমনই এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলেন সহ-অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীরা। সৌজন্যে, ভারতীর আঙুল থেকে হিরের আংটির হিরে উধাও। অতি প্রিয় সেই অলঙ্কার হারিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন কমেডি কুইন।
রান্নাঘরে হুলুস্থুল:
মজা আর হুল্লোড়ে ভরা ‘লাফটার শেফস’-এর রান্নাঘরে তখন রান্নার তোড়জোড় তুঙ্গে। সবজি কাটা থেকে মশলা পেষাই— সবটাই চলছিল জোরকদমে। কিন্তু তাল কাটল হঠাৎই। ভারতী আবিষ্কার করেন, তাঁর হাতের বহুমূল্য হিরের আংটিটি জায়গায় নেই। মুহূর্তের মধ্যে হাসির আমেজ উবে গিয়ে তৈরি হয় থমথমে পরিস্থিতি।
কান্নায় ভাঙলেন ভারতী:
আংটি খুঁজে না পেয়ে মেঝের উপর বসে ডুকরে কেঁদে ওঠেন ভারতী। তাঁকে শান্ত করতে ছুটে আসেন কৃষ্ণা অভিষেক, অর্জুন বিজলানি ও করণ কুন্দ্রারা। ভারতী জানান, এই আংটিটি কেবল দামী গয়না নয়, এর সঙ্গে তাঁর গভীর আবেগ জড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত বিচলিত হয়ে সেটের কর্মীদের কাছে আকুতি জানাচ্ছেন সেটি খুঁজে দেওয়ার জন্য। এমনকি ডাস্টবিন থেকে শুরু করে আটা মাখার তলা— সব জায়গাতেই চলল চিরুনি তল্লাশি।
সহকর্মীদের তৎপরতা:
ভারতীকে কাঁদতে দেখে শুটিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। অর্জুন ও কৃষ্ণা নিজেরাও কোমর বেঁধে নেমে পড়েন আংটি খুঁজতে। তাঁদের দাবি, ভারতীর মুখে হাসি দেখতেই তাঁরা অভ্যস্ত, এমন বিষণ্ণ মুখ তাঁরা সইতে পারছেন না।

আবেগ বনাম গ্ল্যামার:
টিনসেল টাউনের ঝলমলে দুনিয়ায় দামী গয়না হারানো নতুন কিছু নয়। তবে ভারতীর মতো ব্যক্তিত্ব, যিনি সব সময় দুঃখ চেপে অন্যকে হাসাতে জানেন, তাঁর এই ভেঙে পড়া ভক্তদেরও আবেগপ্রবণ করে তুলেছে। যদিও শেষ পর্যন্ত ভারতীর সেই হারানো হিরে খুঁজে দেন এক ক্রু মেম্বার। হাঁফ ছেড়ে বাঁচেন কমেডিয়ান।