লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্যারামেডিকও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব নিহতের ঘটনা ঘটেছে বলে লেবানন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ বুধবার (৩ জুন) দক্ষিণ লেবাননে ইসরাইলের সর্বশেষ হামলায় অন্তত দুইজন প্যারামেডিক নিহত হয়েছেন। টাইর জেলার শুহুর এলাকায় আল-রিসালা অ্যাসোসিয়েশনের একটি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্য করেহামলা চালানো হলে তারা নিহত হন।
এ হামলায় আরও একজন প্যারামেডিক গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে আল-জাহরানি অঞ্চলে অবস্থিত কাওথারিয়াত আল-রুজ শহরে একটি ইসরাইলি ড্রোন আঘাত হেনেছে।
এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ‘নাবাতিয়েহ-কাফারতাবিনেহ সড়ক ধরে যাওয়ার সময ‘ ইসরাইলি বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর একজন সেনা নিহত হয়েছেন।
এছাড়া মায়ফাদুন এলাকাতেও ইসরাইল পৃথক একটি হামলা চালিয়েছে বলে এনএনএ জানিয়েছে। একই সময়ে বৈরুতের কাছে একটি গাড়িকেও লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবারও অন্তত ৮ জন নিহত হয় এবং আরও অনেকেই আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩,৫১৬ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য মতে, একই সময়ে আরও অন্তত ১০,৬৭৪ জন আহত হয়েছেন।

পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহও। গোষ্ঠীটি আজ বুধবার দাবি করেছে যে, তারা দক্ষিণ লেবাননের ওদাইসেহ এলাকার কাছে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর গোলাবর্ষণ করেছে।
সংগঠনটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ওদাইসেহ এলাকার জাল আল-হাম্মার অঞ্চলে জড়ো হওয়া ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়।হিজবুল্লাহর দাবি, এই হামলা ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষার জন্য’ এবং ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে চালানো হয়েছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।