সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন কারাগারে আটক আইএস বন্দিদের ইরাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। চলতি সপ্তাহে সিরীয় সরকারি বাহিনীর দ্রুত অগ্রগতির মুখে এরই মধ্যে হাসাকাহ প্রদেশের একটি কারাগার থেকে অন্তত ১৫০ জন বন্দিকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও বুধবার হাসাকাহর কিছু এলাকা ও দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহী এসডিএফের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে সাফাক নিউজ জানায়, হাসাকাহর মাউন্ট আবদুল আজিজ এবং হাসাকাহ শহরের দক্ষিণে কানা গ্রামের কাছে সিরীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালায় এসডিএফ।
এছাড়া এসডিএফ যোদ্ধারা হাসাকাহ প্রদেশের একটি গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এতে সরকারি বাহিনীর অন্তত সাত সেনা নিহত এবং আরও ২০ জন আহত হয় বলে জানায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর আবারও সংঘর্ষ শুরু হয়।
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী এসডিএফের মধ্যে থেকে থেকে লড়াই চলছে। এই লড়াইয়ে এসডিএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আরও ভেতরে ঢুকে পড়ে সিরীয় বাহিনী।
এরপর মঙ্গলবার (২০ জানুয়ারি) রাক্কা প্রদেশ সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এরপর সিরিয়ার সেনাবাহিনী আল শাদ্দাদি কারাগার ও আল-হোল ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয়। আল-হোল ক্যাম্পে প্রায় ২৪ হাজার লোকের বাস, যাদের বেশিরভাগই আইএস যোদ্ধাদের স্ত্রী-সন্তান।

এরপরই এসডিএফের সঙ্গে চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে সিরীয় সেনাবাহিনী। যা মঙ্গলবার রাত ৮টা থেকে কার্যকর হয়। একই সঙ্গে এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন সহকারী মন্ত্রীর নাম প্রস্তাব করতে অনুরোধ জানায় দেশটির সেনাবাহিনী।
এরপর এসডিএফ নিশ্চিত করে যে, তারা যুদ্ধবিরতি মেনে নিচ্ছে এবং সরকারি বাহিনী আক্রমণ না করা পর্যন্ত তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না বলেও জানায়।
তবে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পরপরই সরকারপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে এসডিএফ। ‘ভারী অস্ত্র ব্যবহার করে’ হাসাকাহ শহরের দক্ষিণে আবিয়াদ রাস্তার পাশে তাল বারুদ গ্রামে ও জারকান ও রাক্কার কাছে হামলা চালানো হয়েছে বলে জানান এসডিএফ মুখপাত্র ফারহাদ শামি।অন্যদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র কুর্দিদের অধিকার রক্ষার চেষ্টা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কুর্দিদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন কুর্দিরা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং নিজেদের স্বার্থেই লড়াই করছে। তাদের সুরক্ষার চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
এরপর বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা হাসাকাহ প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে প্রায় ১৫০ জন আইএস বন্দিকে ইরাকের নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘৭ হাজার আইএস বন্দিকে সিরিয়া থেকে ইরাক নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে।’