হত্যার দাবির পরই লারিজানির এক্স অ্যাকাউন্টে হাতে লেখা বার্তা

Spread the love

ইসরাইলের হত্যার দাবির পরই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা নোট প্রকাশ করা হয়েছে। তবে নোটটি লারিজানির হাতের লেখা কি না বা কখনও লেখা হয়েছে তা স্পষ্ট নয়।

আল জাজিরার প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

ইসরাইলের দাবির পরই লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটিতে হাতে লেখা একটি নোট যুক্ত করা হয়েছে। নোটটি ইরানের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যমেও শেয়ার করা হয়েছে। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণ করা হয়েছে। জানা গেছে, তাদের জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা।পোস্টে লেখা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান নৌবাহিনীর যোদ্ধাদের জানাজা উপলক্ষে: তাদের স্মৃতি ইরানি জাতির হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এবং এই শাহাদাতবরণ বহু বছর ধরে সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামি প্রজাতন্ত্র সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’ 

লারিজানিকে সবশেষ গত শুক্রবার (১৩ মার্চ) তেহরানের কেন্দ্রে বার্ষিক আল-কুদস দিবসের র‍্যালিতে আরও কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তার সঙ্গে মিছিল করতে দেখা গিয়েছিল। ওইদিন তেহরানের সমাবেশে বোমা হামলা চালানো হয়েছিল।

র‍্যালিতে অংশ নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, ওই সমাবেশে যে বোমা হামলা হয়েছে, তা ইরানের শত্রুদের ‘হতাশা’-র লক্ষণ। তিনি বলেন, ‘এই ধরনের হামলা ভয় ও হতাশা থেকেই করা হয়। যে শক্তিশালী, সে কখনও মিছিলে বোমা হামলা করে না। এতে স্পষ্ট যে তারা ব্যর্থ হয়েছে।’

এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন। বলেন, ‘ট্রাম্প বোঝেন না যে ইরানের জনগণ সাহসী, শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যত চাপ দেবেন, ইরানি জাতির দৃঢ়তা ততই বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *