হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

Spread the love

উন্নত জীবনের খোঁজে আয়ারল্যান্ড ছাড়ছেন হাজার হাজার নাগরিক। গত সাত বছরে এই সংখ্যা ছাড়িয়েছে সোয়া দুই লাখ, যাদের বড় অংশই তরুণ-তরুণী। ন্যাশনাল ইউথ কাউন্সিল অব আয়ারল্যান্ড (এনওয়াইসিআই)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশত্যাগের আশঙ্কাজনক সব তথ্য।

আয়ারল্যান্ডে এখন বড় উদ্বেগের নাম দেশত্যাগ। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৭০ হাজারেরও বেশি মানুষ দেশ ছেড়েছেন, যা গত এক দশকে সর্বোচ্চ। এমনকি ২০২৫ সালেও এই ধারা অব্যাহত ছিল। গেল বছর দেশত্যাগ করেছেন প্রায় ৬৫ হাজার মানুষ।

ন্যাশনাল ইউথ কাউন্সিল অব আয়ারল্যান্ডের সাম্প্রতিক জরিপ বলছে, দেশটির ৮৪ শতাংশ তরুণই মনে করেন আবাসন সংকট তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। আর ৯৪ শতাংশের মতে, অস্বাভাবিক বাড়ি ভাড়া এখন সবচেয়ে বড় আর্থিক বোঝা।

এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজের সুযোগের অভাবকেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। প্রতি পাঁচজন তরুণ-তরুণীর মধ্যে তিনজনই এখন উন্নত জীবনের আশায় অন্য দেশের পথে পা বাড়ানোর কথা ভাবছেন। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পছন্দের শীর্ষে। 

এই সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে এনওয়াইসিআই। এর মধ্যে ২৫ বছরের কম বয়সিদের ভাতা বৃদ্ধি, তরুণ কর্মীদের সর্বনিম্ন মজুরির হার বাতিল করা, বিনামূল্যে গণপরিবহন সুবিধা এবং আবাসন সমস্যা নিরসনের বিষয়টি অন্যতম। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বলছেন সরকার যেন এসব বিষয় গুরুত্ব দিয়ে এ বছরের বাজেট পেশ করে।

ন্যাশনাল ইউথ কাউন্সিল সতর্ক করে বলেছে, সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে দক্ষ জনশক্তির অভাবে বড় সংকটে পড়বে আয়ারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *