জি বাংলার অন্দরে বড়সড় ওলটপালট। গত ডিসেম্বরে ব্লুজের প্রযোজনায় শুরু হওয়া টিনএজ লাভ স্টোরি ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে অনেক আশা ছিল নির্মাতাদের। কিন্তু বাস্তবে টিআরপি তালিকায় ডাহা ফেল স্বয়ম ও জুঁইয়ের রসায়ন। ফল যা হওয়ার তাই হলো— তিন মাসের মাথাতেই গুরুত্বপূর্ণ ৭টার স্লট থেকে সরিয়ে দেওয়া হলো এই মেগাকে। জগদ্বাত্রীর যোগ্য উত্তরসূরী হতে পারলো না এই সিরিয়াল।
আগামী ৯ই মার্চ থেকে ৭টার স্লটে আর দেখা যাবে না ‘বেশ করেছি প্রেম করেছি’। এই গুরুত্বপূর্ণ সময়ে এবার জায়গা করে নিচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’। এতদিন যা সম্প্রচারিত হতো সন্ধ্যা ৬টায়, এবার থেকে তা চলে আসছে প্রাইম টাইমে। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই চ্যানেল কর্তৃপক্ষের এই বড় সিদ্ধান্ত।
কোথায় গেল স্বয়ম-জুঁই?
স্লট হারানো ‘বেশ করেছি প্রেম করেছি’ এখনই বন্ধ হচ্ছে না ঠিকই, তবে সেটিকে ঠেলে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টার স্লটে। অর্থাৎ ‘কুসুম’-এর পুরনো জায়গায় এখন দেখা যাবে এই টিনএজ জুটিকে। মাত্র কয়েক মাসেই এমন ‘ডিমোশন’ মানতে পারছেন না ধারাবাহিকের অনুরাগীরা।
ক্ষুব্ধ আর্য-অপর্ণা ভক্তরা:
এই রদবদলে সবথেকে বেশি ক্ষোভ দেখা দিয়েছে ‘আর্য-অপর্ণা’র সিরিয়ালের দর্শকদের মধ্যে। কেন হঠাৎ চিরদিনই তুমি যে আমার ভক্তরা চটল? আসলে বেশ করেছি প্রেম করেছি-র জন্যই তারে ধরি ধরি সিরিয়ালের টিআরপি পড়তির দিকে এমনই অভিযোগ নেটপাড়ার। আর সেই ‘পনোতি’কেই এবার চিরদিনই তুমি যে আমারের ঘাড়ে (আগের স্লটে) চাপিয়ে দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চ্যানেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ভক্তদের একাংশ।

টিআরপির লড়াই:
বাংলার ড্রয়িংরুমে এখন হাড্ডাহাড্ডি লড়াই। ৭টার স্লট মানেই স্টার জলসার সঙ্গে সরাসরি টক্কর। সেখানে ‘বেশ করেছি প্রেম করেছি’ দর্শক টানতে ব্যর্থ হওয়ায় তড়িঘড়ি তুরুপের তাস হিসেবে ‘কুসুম’-কে সামনে নিয়ে এল জি বাংলা। এখন দেখার, ৭টার স্লটে কুসুম কতখানি ফুল ফোটাতে পারে!
গত কয়েক সপ্তাহে এই নিয়ে দু-বার স্লট বদল হল তনিষ্কা তিওয়ারি অভিনীত এই মেগার। বিকাল সাড়ে পাঁচটা থেকে এই সিরিয়ালকে নিয়ে যাওয়া হয় সন্ধ্য়া ৬টায়। এবার আরও এক ঘণ্টা পিছোলো সময়।
ওদিকে জি বাংলায় এখনও দুটো মেগার প্রোমো সামনে এলেও স্লট ঘোষণা হয়নি। রাহুল মজুমদার ও নবাগতা সম্পূর্ণা রক্ষিতের সাত পাকে বাঁধা এবং কমলা নিবাস। শুরুতে ১৮ই ফেব্রুয়ারি রাত ৯টা থেকে সাত পাকে বাঁধা সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও সম্প্রচারের দিন সিদ্ধান্ত বদল হয়। দাদামণিকে টেনে আনা হয় ওই স্লটে। শীঘ্রই শেষ হবে তুই আমার হিরো। এখন দেখবার কোন মেগার উপর কোপ পড়বে বা কাকে ঠেলে বিকালের স্লটে পাঠাবে চ্যানেল।