AAP Leader Murdered। গুরুদ্বারের বাইরে নৃশংস হত্যাকাণ্ড! জলন্ধরে গুলিতে ঝাঁঝরা AAP নেতা

Spread the love

জলন্ধরে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হল ৬ ফেব্রুয়ারি সকালে। একটি গুরুদ্বারের বাইরে পাঁচটি গুলি চালানো হয় লাকিকে লক্ষ্য করে। হামলার পর তাঁকে উদ্ধার করে ফোর্টিস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাকি ওবেরয়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে জলন্ধরের মডেল টাউন এলাকায়। সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গিয়েছে, লাকি ওবেরয় তাঁর ‘থর’ গাড়িতে করে গুরুদ্বারে গিয়েছিলেন। সেখানে তিনি তাঁর গাড়ি পার্ক করছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। পার্কিংয়ের সময় দুই মোটরসাইকেল আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আপ জলন্ধর ক্যান্টনমেন্টের ইনচার্জ রাজবিন্দর থিয়ারা জানিয়েছেন, ওবেরয় প্রতিদিন গুরুদ্বারে যেতেন। হামলাকারীরা এ বিষয়ে পুরোপুরি অবগত ছিল। দুষ্কৃতীরা কমপক্ষে ১৬টি গুলি ছুড়েছিল। এর মধ্যে পাঁচটি গিয়ে লাগে লাকি ওবেরয়ের গায়ে। এই হামলার পরে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

লাকি ওবেরয়ের স্ত্রী আম আদমি পার্টির টিকিটে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি পরাজিত হয়েছিলেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। এছাড়া সিসিটিভি ফুটেজ থেকেও সূত্র সংগ্রহ করা হচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শহরজুড়ে ১৫টি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে। অপরাধীরা যাতে শহর ছেড়ে না যেতে পারে, তা নিশ্চিত করতে জোর তল্লাশি চালানো হচ্ছে চেকপয়েন্টগুলিতে।

এদিকে এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আম আদমি পার্টির দিকে আঙুল তুলে বিজেপি মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, ‘এই আপ সরকার পঞ্জাবকে অপরাধীদের খেলার ময়দান বানিয়ে দিয়েছে। আইনের নিয়ম নয় এখানে বন্দুকের নিয়ম চলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *