CPIM Leader on China Aid। নেপালে ত্রাণ দেওয়ায় চিনকে বাহবা বাংলার CPIM নেতার

Spread the love

CPIM Leader on China Aid: নেপালের বিপর্যয়ের পরে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। একাধিকবার ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমানে করে পাঠিয়েছে ত্রাণসামগ্রী। এখনও সেই কাজ চলছে। উদ্ধারকাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য পাঠিয়েছে বিশেষজ্ঞ দল। চিনের তরফেও ত্রাণ পাঠানো হয়েছে। যে দেশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে হড়পা বানের সময় নেপালকে পর্যাপ্ত তথ্য দেয়নি। আগেভাগে সতর্ক করেনি চিন। এমনকী হিমবাহ বা জলস্তর নিয়েও নেপালকে চিনের তরফে পর্যাপ্ত তথ্য দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। আর নেপালে ত্রাণ পাঠানোর জন্য সেই চিনের প্রশংসা করলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র। যা নিয়ে চূড়ান্ত রোষের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী।

আসলে বুধবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ‘ভূমিধসের পরিপ্রেক্ষিতে চিন নেপালে জরুরি সহায়তা পাঠিয়েছে। যে তালিকায় আছে চিনা সরকারের তরফে দেওয়া ২০ লাখ ডলরারের নগদ সহায়তা; চিনের রেড ক্রস সোসাইটির তরফে দেওয়া ২ লাখ ডলারের সহায়তা; ৫৫.৮ টন ত্রাণসামগ্রী, বিপর্যস্ত এলাকার ছবি, উপগ্রহ-ভিত্তিক তথ্য ও জলবিজ্ঞান-সংক্রান্ত তথ্য; চিনের টানেল উদ্ধারকারী বিশেষজ্ঞের দুটি দল এবং ডিএনএ শনাক্তকরণ বিশেষজ্ঞের পাঁচ সদস্যের একটি দল। এই কঠিন সময়ে চিন তার নেপালি বন্ধুদের পাশে রয়েছে।’

 

এটাকেই সংহতি বলে, পোস্ট সূর্যকান্ত মিশ্রের, পড়লেন রোষে

আর সেই পোস্টের প্রেক্ষিতে সিপিআইএম নেতা বলেন, ‘সংহতি বলতে আমরা এটাই বুঝি।’ যে মন্তব্যে চটেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেছেন, ‘অবিশ্বাস্য… নির্লজ্জভাবে নিজেকে চিনের হাতের পুতুল হিসেবে তুলে ধরছেন… অন্তত ভারতীয় হওয়ার ভান তো করতে পারতেন।’ একইসুরে অপর একজন বলেন, ‘ভারতে চিনের অনেক মুখপাত্র আছেন। তাঁদের মধ্যে উনি একজন।’

ভারতের ‘অবদানকে খাটো করা আপনাদের রক্তেই মিশে’

অপর এক নেটিজেন বলেন, ‘ঠিক এই কারণেই আপনারা আর কখনওই ভোটে জিতে ক্ষমতায় ফিরতে পারবেন না। অন্য দেশের প্রশংসা করতে গিয়ে আপনারা ভারতীয় সবকিছুকেই ঘৃণা করেন। যদি আপনারা ভারতের অবদানের কথাও উল্লেখ করতেন, তবে আমি হয়তো বিষয়টি এড়িয়ে যেতাম। কিন্তু আমাদের মাতৃভূমির অবদানকে ইচ্ছাকৃতভাবে খাটো করা বা উপেক্ষা করাটা আপনাদের (সিপিআইএম) রক্তেই মিশে আছে।’

‘তখন আপনাদের চোখে গেল না?’’

একজন আবার বলেছেন, ‘আপনার টাইমলাইনে এমন দুটি পোস্ট রয়েছে, যেখানে আপনি নেপালে চিনের ত্রাণ পাঠানো নিয়ে প্রশংসা করেছেন, কিন্তু ভারতের পাঠানো নিয়ে কোনও পোস্ট নেই। এমনটা কেন, কমরেড?’ একইসুরে অপর একজন বলেছেন, ‘ভারত এত সহায়তা, উদ্ধারকারী টিম পাঠাল, তখন আপনাদের চোখে গেল না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *