FBI-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় বংশোদ্ভূত

Spread the love

আমেরিকায় বড়সড় প্রতারণার অভিযোগ উঠল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে। মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর ‘Most Wanted Fraudsters’ তালিকায় নাম উঠেছে মঞ্জিত সিং বেদির। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি ওয়েলফেয়ার প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রে যুক্ত ছিলেন তিনি।

FBI-এর দাবি, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুনের মধ্যে অন্তত ৬ লক্ষ ডলারের প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় মঞ্জিতের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে তিনি আমেরিকার বাইরে, ভারতে পালিয়ে রয়েছেন বলে জানিয়েছে FBI।

দোকান চালিয়েই চলছিল ‘জালিয়াতি’?

মার্কিন তদন্তকারীদের অভিযোগ, ওয়াশিংটনের টাকোমায় একটি ছোট মুদি দোকান চালাতেন মঞ্জিত। দোকানের নাম ছিল ‘এশিয়ান গ্রোসারি স্টোর’। সেই দোকানে SNAP প্রকল্পের সুবিধাভোগীরা EBT কার্ড ব্যবহার করতেন। SNAP হল আমেরিকার সরকারি খাদ্য সহায়তা প্রকল্প। FBI-এর অভিযোগ, মঞ্জিত প্রকৃতপক্ষে ওই গ্রাহকদের খাবার বিক্রি করতেন না। তাঁদের EBT কার্ড সোয়াইপ করে নগদ টাকা দিতেন। আর সেই টাকার একটা বড় অংশ নিজের কাছে রেখে দিতেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, এই পদ্ধতিতে সরকারি খাদ্য সহায়তার টাকা বেআইনি ভাবে নগদে বদলে দেওয়া হত।

মামলা হওয়ার পরেও দেশ ছাড়ার অভিযোগ

মঞ্জিতের বিরুদ্ধে ওয়্যার জালিয়াতি এবং SNAP benefits fraud-এর অভিযোগে চার্জ গঠন করা হয়। এর পর তাঁকে গ্রেফতার না করে আদালতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে FBI জানিয়েছে। তবে তাঁকে নিজের পাসপোর্ট জমা দিতে হয়েছিল। ওয়াশিংটন রাজ্য না ছাড়ার নির্দেশও ছিল। কিন্তু তদন্তকারীদের দাবি, মঞ্জিত পরে গাড়ি চালিয়ে কানাডায় চলে যান। সেখান থেকে ভারতে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে চলতি বছরের মে মাসে মার্কিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

১ লক্ষ ৫০ হাজার ডলার পুরস্কার

মঞ্জিতের সন্ধান পেতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে FBI। তাঁর গ্রেফতার এবং দোষী সাব্যস্ত করার দিকে নিয়ে যেতে পারে, এমন তথ্য দিলে ১ লক্ষ ৫০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার মিলতে পারে। FBI জানিয়েছে, মঞ্জিত একজন স্বাভাবিকীকৃত মার্কিন নাগরিক। তবে ভারত পালিয়ে যাওয়ার পর তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় মোট ১২ জন

FBI চলতি বছরের জুনে ‘Most Wanted Fraudsters’ তালিকা চালু করে। লক্ষ্য, আমেরিকার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত পলাতকদের খুঁজে বার করা। বর্তমানে এই তালিকায় মোট ১২ জন রয়েছেন। এর মধ্যে মঞ্জিতও একজন। FBI-এর তথ্য অনুযায়ী, আগে এই তালিকায় থাকা চার জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন কৃষি দফতরের ইন্সপেক্টর জেনারেল জন ওয়াক বলেছেন, পলাতকদের খুঁজে বার করতে এই তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সাধারণ মানুষকে সচেতন করাও এর অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *