Modi to Meloni।বিশ্বযুদ্ধের পরে ইতালির সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী হলেন মেলোনি

Spread the love

নতুন নজির গড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখন তাঁর দখলে। এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে মেলোনিকে উদ্দেশ করে খোলা চিঠিও লিখেছেন তিনি।

মেলোনি ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। তার পর থেকে টানা দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ বার তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১,৪১৩ দিনে পৌঁছেছে। এর ফলে আগের রেকর্ড ভেঙে দিলেন মেলোনি।

বেরলুসকোনিকে পিছনে ফেললেন মেলোনি

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল সিলভিও বেরলুসকোনির নামে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে তিনি ১,৪১২ দিন দায়িত্বে ছিলেন। মেলোনি সেই রেকর্ড এক দিন বাড়িয়ে ১,৪১৩ দিনে পৌঁছে গিয়েছেন।

ইতালির রাজনৈতিক ইতিহাসে বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে বহু বার সরকার বদলেছে। এই সময়ে মোট ৬৮টি সরকার গঠিত হয়েছে। অর্থাৎ, রাজনৈতিক স্থিরতা ইতালিতে খুব একটা দেখা যায়নি। সেই পরিস্থিতিতে একই প্রধানমন্ত্রী এত দীর্ঘ সময় দায়িত্বে থাকা বিরল ঘটনা।

মেলোনিকে শুভেচ্ছা মোদীর

ইতালির প্রধানমন্ত্রীর এই সাফল্যে উচ্ছ্বসিত মোদী। এক্স হ্যান্ডেলে তিনি মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন। মোদী লিখেছেন, তাঁর বন্ধু জর্জিয়া মেলোনিকে যুদ্ধোত্তর ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। মোদীর মতে, এই রেকর্ড থেকেই বোঝা যায় ইতালির মানুষ মেলোনির উপর কতটা আস্থা রাখেন।

ভারত-ইতালি সম্পর্কের ক্ষেত্রেও মেলোনির ভূমিকার প্রশংসা করেছেন মোদী। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারত ও ইতালির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুই দেশের বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

মোদীর নিজেরও রেকর্ড

মেলোনির এই রেকর্ডের সঙ্গে কিছুটা মিল রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও। চলতি বছরের জুনে নির্বাচিত হয়ে একটানা সবচেয়ে বেশি সময় ভারতের প্রধানমন্ত্রী থাকার নজির গড়েন মোদী। তবে ভারতের ইতিহাসে মোট সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও জওহরলাল নেহরুর দখলে।

১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন নেহরু। ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ, টানা ৪,৩৯৮ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। অন্য দিকে, ২০১৪ সালের ২৬ মে প্রথম বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী। তার পর থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। নেহরুর রেকর্ড পেরিয়ে মোদীর একটানা প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ৪,৩৯৯ দিনে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *