Dhurandhar Actor Arrest। পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ

Spread the love

গ্ল্যামার দুনিয়ার অন্ধকার পিঠ ফের একবার প্রকাশ্যে এল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মুম্বই পুলিশ গ্রেফতার করল ধুরন্ধর খ্য়াত অভিনেতা নাদিম খানকে। রণবীর সিং-এর ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন নাদিম। কিন্তু বাস্তব জীবনে তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ ঘিরে টিনসেল টাউনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বছর ৪১-এর ওই মহিলা নাদিম খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগকারিণীর দাবি, এক দশক আগে নাদিমের বাড়িতে কাজে লেগেছিলেন তিনি। নাদিম তাঁকে প্রেমের প্রস্তাব দেন এবং বিয়ের প্রতিশ্রুতিও দেন। এরপর তাঁরা শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু ওই মহিলা যখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখন নাদিম তাঁকে এড়িয়ে যেতে থাকেন এবং শেষমেশ বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ধর্ষিতা মহিলা ভারসোভা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির (BNS) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত ২২শে জানুয়ারি অভিনেতাকে তাঁর ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হয়, খবর পিটিআই সূত্রের, আপতত পুলিশ হেফাজতে রয়েছেন নাদিম খান। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন আইনিভাবে ধর্ষণের সামিল। ভারসোভা থানায় অভিযোগ দায়ের হলেও, অভিনেতার ফ্ল্য়াট মালাডে। মালওয়ানি থানায় এই মামলা হস্তান্তরিত করেছে ভারসোভা পুলিশ।

‘ধুরন্ধর’-এর মতো ছবিতে অভিনয়ের পর নাদিম খানের কেরিয়ারে যখন উন্নতির যোগ দেখা যাচ্ছিল, ঠিক তখনই এই গ্রেফতারি তাঁর পেশাদার জীবনে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ছবিতে রহমান ডাকাতের রাঁধুনির চরিত্রে দেখা মিলেছিল তাঁর। ঘটনার পর থেকে নাদিমের পরিবার বা তাঁর আইনজীবীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামিতে সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তার সঙ্গে বধ ২ ছবিতে দেখা যাবে অভিযুক্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *