Digha Jagannath Mandir। ‘সনাতনী ভাবাবেগে আঘাত’! দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ বাদ

Spread the love

দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারী সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘ধাম লিখে যা করা হয়েছে, তা সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির নিরিখে সঠিক নয়। আমি বিস্তারিতভাবে নথিপত্র খতিয়ে দেখেছি। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার যে প্রস্তাবে অনুমোদন দিয়েছিল, তাতে নাম ছিল শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকারের টাকায় তৈরি করেছিল। টেকনিক্যালি কালচারাল সেন্টারের নামে তৈরি করেছিল। আর ধাম শব্দটা ঢুকিয়ে দিয়েছিল। আজ মুখ্যমন্ত্রীর চিঠি গ্রহণ করছি। দ্রুত আমরা নাম থেকে ধাম শব্দটা বাদ দিয়ে দেব। ওখানে কালচারাল সেন্টার কমপ্লেক্স থাকবে।’

ওড়িশার মুখ্যমন্ত্রীর আবেদন, পদক্ষেপ শুভেন্দুর

আর তিনি সেই ঘোষণা করেছেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে। গত বছর দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ই ‘ধাম’ শব্দের ব্যবহার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। আজ তাঁর প্রতিনিধি হিসেবে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ সরানোর অনুরোধপত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন পুরীর সাংসদ।

শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার

সেই অনুরোধপত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরেই এই বিষয়টা তাঁদের মনে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভা যে প্রস্তাব পাশ হয়েছিল, তাতে বলা হয়েছিল যে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে ‘ধাম’ শব্দ যুক্ত করে দেওয়া হয়েছিল। যা আদতে সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত। সেই পরিস্থিতিতে এখন থেকে ‘ধাম’ শব্দ মুছে ফেলা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির থেকে। শীঘ্রই সেই মর্মে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

নয়া নাম কী হচ্ছে?

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরো কমপ্লেক্সটা কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত হবে। আর যেখানে পুজোপাঠ হবে, সেটা পরিচিত হবে জগন্নাথ মন্দির নামেই। সনাতন ধর্মের যাবতীয় রীতিনীতি মেনে সেখানে জগন্নাথদেবের আরাধনা করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যেখানে ঠাকুরের পুজোপাঠ হয়, সেটা শ্রীশ্রী জগন্নাথ মন্দির নামেই পরিচিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *