IAS Subrata Gupta appointed CM Advisor: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নিযুক্ত করা হল। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে। যিনি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে কার্যত হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে শান্তনু বালা নিযুক্ত করা হয়েছে বলে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে। তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন।
IAS অফিসারকে বিশেষ পর্যবেক্ষক করে বড় সাফল্য
আর সেই জোড়া নিযুক্তির মধ্যে যাবতীয় নজর কেড়ে নিয়েছেন সুব্রত। প্রশাসনিক মহলের মতে, অত্যন্ত আইএএস অফিসার ছিলেন তিনি। এমনকী পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হতেও পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তেমন সুনজরে না থাকায় সেই পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। সেটা অনুধাবন করে ডেপুটেশন নিয়ে দিল্লিতে চলে গিয়েছিলেন। আর সেই প্রাক্তন আইএএস অফিসারকেই এবার বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল।
সুব্রত গুপ্ত ম্যাচের সেরা ছিলেন, মত অনেকের
সেই নিযুক্তি ছিল যে কতটা কার্যকরী ছিল, তা বোঝা যায় ভোটের সময়। পশ্চিমবঙ্গে যেখানে ভোট মানেই লাগামছাড়া হিংসা ছিল, এবার সেখানে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেরকম কোনও ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট মহলের মতে, সেই হিংসা-মুক্ত ভোটের অন্যতম কৃতিত্ব ছিল সুব্রতের। তিনি রাজ্য প্রশাসনের খুঁটিনাটি জানতেন। ফলে একেবারে আটঘাঁট বেঁধে নেমেছিলেন। যেখানে যেখানে যা যা প্রয়োজন হয়েছিল, করেছিলেন। নির্বাচন কমিশন যে একের পর এক আমলা ও পুলিশ অফিসারকে বদলি করেছিল, তাতেও সুব্রতের ‘ইনপুট’ ছিল বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

সোমবার বাকি মন্ত্রীরা শপথ নিতে পারেন, স্পিকার তাপস?
তবে কবে নয়া মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে এবং বাকিরা কবে শপথ নেবেন, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। বিজেপির একটি মহলের তরফে দাবি করা হয়েছে, আগামী সোমবার মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নিতে পারেন। সেদিনই চূড়ান্ত হয়ে যাবে যে কার হাতে কোন দফতর থাকছে। তারপর মন্ত্রিসভার বৈঠক হবে। সেইসঙ্গে ওই মহলের তরফে দাবি করা হয়েছে যে বিধানসভার স্পিকার হচ্ছেন সম্ভবত তাপস রায়। মঙ্গলবার তিনি শপথ নিতে পারেন। আর বুধবার এবং বৃহস্পতিবার শপথগ্রহণ করতে পারেন বিজেপির নব-নির্বাচিত বিধায়করা।