বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি২০ বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর এতে বেজায় চটেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। এমনকী এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি। শুধু তাই নয়, পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপ না খেলে, তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএলে খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নৌ অবজেকশন সার্টিফিকেট দেবে না। এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের।
উল্লেখ্য, বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন বললেন, ‘আইসিসি এবার টি২০ বিশ্বকাপে খেলানোর জন্য ২২তম দল খুঁজুক।’ তাঁর বক্তব্য, বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এর মানে কি পাকিস্তানও টি২০ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে? এই প্রশ্নের জবাবে মহসিন নকভি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি ফিরলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তিনি এও জানান, পাকিস্তান বিশ্বকাপ খেলতে না গেলে নাকি পিসিবির কাছে ‘বি’, ‘সি’, ‘ডি’ পরিকল্পনা তৈরি আছে।
এদিকে পাকিস্তানর এই বড় বড় কথার পরই আইসিসি নয়া সূচি ঘোষণা করে দেয় টি২০ বিশ্বকাপের জন্য। আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপে। এর আগে আইসিসির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন বিসিবি প্রধান বুলবুল। তিনি তো এও দাবি করেছেন, বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা কমে গিয়েছে। এর পরেও ফের আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, ভারতে খেলতে না গেলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়বে। এই আবহে বাংলাদেশও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে বিশ্বকাপে না খেলার।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ সি-তে ছিল বাংলাদেশ। তাদের গ্রুপ পরবের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়, একটি মুম্বইতে। বিশ্বকাপ শুরুর দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেনেই ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আর নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি মুম্বইতে খেলার কথা ছিল বাংলাদেশের। এখন বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ সি-তে স্থান পেল স্কটল্যান্ড। বাংলাদেশের বদলে সেই একই তারিখে উল্লেখিত ভেন্যুগুলিতে খেলবে স্কটল্যান্ড।