US-Canada Tariff Row। চিনের ঘনিষ্ঠ হতেই কার্নিকে ১০০% শুল্কের জুজু ট্রাম্পের

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হুমকি দিয়েছেন যে যদি তারা চিনের সাথে বাণিজ্য চুক্তি করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার সমস্ত রফতানির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। এতে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এরপরই কানাডা স্পষ্ট করে দিয়েছে, চিনের সঙ্গে কোনও মুক্ত বাণিজ্য চুক্তি তারা করছে না। প্রসঙ্গত, কয়েকদিন আগেই চিন সফরে গিয়েছিলেন কনাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সফরকালে চিনের সঙ্গে শুল্ক সংক্রান্ত বেশ কিছু সমাধান সূত্র বেরিয়ে এসেছে বলে দাবি করেছে কানাডা। এরই সঙ্গে কানাডাবাসীকে ‘মেক ইন কানাডা’ বার্তা দেন প্রধানমন্ত্রী কার্নি। আমেরিকার ওপর নির্ভরতা কমাতেই আত্মনির্ভরতার এই বার্তা কানাডার প্রধানমন্ত্রীর।

রাশিয়া থেকে তেল আমদানির জন্য এর আগে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে তাতে ভারতকে দমানো যায়নি। এদিকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পরপরই কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ করার কথা বলেছিলেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘গভর্নর কার্নি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। এরই মাঝে কানাডা এবং চিনের চুক্তি নিয়ে সম্প্রতি ট্রাম্প বলেন, চিনকে বৈদ্যুতিক গাড়ির আমদানি বাড়ানোর অনুমতি দিয়ে কানাডা ‘বড় ভুল’ করেছে। ট্রাম্প কানাডাকে উপহাস করে ফের বলেছেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হয়ে উঠুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চিন কানাডাকে জীবন্ত গ্রাস করবে, কানাডাকে সম্পূর্ণরূপে গ্রাস করবে, যার মধ্যে রয়েছে তাদের ব্যবসা। তাদের সামাজিক কাঠামো নষ্ট হবে এবং তাদের জীবনযাত্রা ধ্বংস করবে চিন। কানাডা যদি চিনের সাথে চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্যের উপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

উল্লেখ্য, চিন ও কানাডা গত সপ্তাহে বাণিজ্য বাধা হ্রাস এবং সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি বিস্তৃত চুক্তিতে সম্মত হয়েছিল। কানাডার বিদেশনীতিতে এটি একটি বড় পরিবর্তন ছিল। বিগত কয়েক দশকে প্রথমবারের মতো আমেরিকার বাণিজ্য নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয় কানাডা। এই আবহে আট বছরের মধ্যে এটিই ছিল কোনও কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম বেজিং সফর। তারপরই আমেরিকা বেজায় চটে যায়। আর ট্রাম্প শুল্ক জুজু দেখানোর পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল কানাডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *