Jay Prakash Majumdar arrest update। ‘গরম দিয়ে’ ফ্ল্যাট থেকে উঠছিলেন না তৃণমূল নেতা জয়প্রকাশ

Spread the love

TMC Leader Jay Prakash Majumdar arrest update: তৃণমূল কংগ্রেস নেতা তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল শুভেন্দু অধিকারীর পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৪ বছর ধরে বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ ওঠে। এমনকী ফ্ল্যাটের বৃদ্ধা মালিককে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে জয়প্রকাশের বিরুদ্ধে। সেই ঘটনায় আজ তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেইসময় ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো না হলেও নাম গোপন রাখার শর্তে বিধাননগর উত্তর থানার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘আমরা ওঁকে (জয়প্রকাশ মজুমদার) গ্রেফতার করেছি।’

গা-জোয়ারি করেছেন জয়প্রকাশ, উঠেছে বড় অভিযোগ

সূত্রের খবর, ২০১২ সালে জয়প্রকাশ বিধাননগরের ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। চুক্তি ছিল ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু তারপরও জয়প্রকাশ ফ্ল্যাট ছাড়েননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছে, ফ্ল্যাটের চুক্তির পুনর্নবীকরণ করেননি। নতুন করে চুক্তি করেননি কোনও। বরং জবরদখল করে ফ্ল্যাটে জাঁকিয়ে বসেছিলেন। আইনি নোটিশ পাঠানো হলেও জয়প্রকাশ কোনও ভ্রূক্ষেপ করেননি। গা-জোয়ারি করতে থাকেন। হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।

‘গা-জোয়ারি করে ফ্ল্যাট দখল করে রেখেছিলেন’

সেই আবহে আজ জয়প্রকাশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। তাঁর দিকে আঙুল তুলে এক বিক্ষোভকারী বলেন, ‘এই লোকটা ঘর দখল করে রেখেছিল। দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে গা-জোয়ারি করে ফ্ল্যাট দখল করে রেখেছিলেন।’ অপর একজন বলেন, ‘১৪ বছর আগে ওঁর চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা চুক্তি করতে বলেছিলাম। কিন্তু উনি চুক্তি করেননি।’

জয়প্রকাশ অভদ্র, বিস্ফোরক অভিযোগ মহিলার

সেইসঙ্গে তিনি বলেন, ‘উনি উঠেও যাননি। উনি দেখা করতেন না। উনি ফোন ধরতেন না। উনি চিঠিও নিতেন না। উনি কিছুই করতেন না। খুব গা-জোয়ারি করতেন।’ সেইসঙ্গে তিনি বলেন যে ‘ওঁর মতো অভদ্র নই তো আমরা। তাই এক সপ্তাহ আগে বলেছিলাম যে এক সপ্তাহ সময় দিলাম। জিনিসপত্র বের করে নিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *