Mamata’s Gita-Quran claim। ‘গীতা-কোরান ছুঁইয়ে বলছে BJP-কে ভোট দাও’! দাবি মমতার

Spread the love

ভিনরাজ্য থেকে আগতদের গীতা এবং কোরান ছুঁইয়ে নিয়ে বলা হচ্ছে যে বিজেপিকে ভোট দিতে হবে – এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আমডাঙার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ‘যাঁরা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাঁদের গীতাতে ছুঁইয়ে নিচ্ছে, কোরানে ছুঁইয়ে নিচ্ছে। নিয়ে বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে। আমি তাঁদের বলব, ওখানে আর যেতে হবে না। এখানে থাকুক, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ-সুবিধা আছে। আপনাকে ছোঁয়ালো বলেই আমি ওটা বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে যান আল্লাহ তালার কাছে দোয়া ভেঙে এসে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাঁদের গীতা ছোঁয়াচ্ছে, তাঁদের বলুন, শিবমন্দিরে যাবেন, নয়তো মায়ের কাছে যাবেন। গিয়ে বলবেন, মা গো ক্ষমা করে দিও। আমায় জোর করে সই করিয়ে (নিয়েছে)।’

রাফাল ছাড়া সবকিছু নামিয়েছে, কটাক্ষ মমতার

সেইসঙ্গে এবার নির্বাচনের জন্য যে সাজোঁয়া গাড়ি ব্যবহার করা হচ্ছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তা নিয়ে কটাক্ষ করেছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেছেন যে রাফাল যুদ্ধবিমান ছাড়া সবকিছুই নামিয়ে দেওয়া হয়েছে।

‘চাইলে আমায় মেরে ফেলতে পারে’, হুংকার মমতার

এমনিতে এবার নির্বাচনের প্রচারে আগাগোড়া বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবারই বড়বাজারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘* বাংলার ভোট লুট করার জন্য তারা বাইরে থেকে ট্রেনে করে লোক নিয়ে আসছে। তারা বিহার, মহারাষ্ট্র এবং হরিয়ানাতেও একই কাজ করেছে।’

সেইসঙ্গে তিনি বলেন, ‘যতদিন তারা ক্ষমতায় আছে, ততদিন ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের অপব্যবহার করবে। এছাড়াও এই সংস্থাগুলোর সাফল্যের হার অত্যন্ত নগণ্য। এগুলো মানুষকে হেনস্থা করার কাজে ব্যবহৃত হয়। বিজেপি আমায় হুমকি দেওয়ার চেষ্টা করেছে। তারা চাইলে আমায় মেরে ফেলতে পারে। কিন্তু তারা কখনওই আমার কণ্ঠরোধ করতে পারবে না।’

মোদীকে চ্যালেঞ্জ মমতার

সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি সাহস থাকে, তবে তিনি সরাসরি আমার মুখোমুখি হোন। তিনি তাঁর টেলিপ্রম্পটার দেখে পড়তে পারেন। আমি কোনও সাহায্য ছাড়াই আপনাদের মোকাবিলা করতে পারি। আপনার সমস্ত সাক্ষাৎকার আগে থেকে লিখে রাখা হয়। কোনো সংবাদমাধ্যম এখন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় তাঁর সঙ্গে যেতে পারে না। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন না। মিডিয়া সেই সমীক্ষাই দেখায় যা বিজেপি তাদের সরবরাহ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *