২০২৪ সালে ‘পাঠান’ ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করেছিলেন শাহরুখ খান। ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি বেশ কিছু বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন। পরে ‘পাঠান’ ছবির হাত ধরে আবার নিজের জাত চিনিয়ে দেন অভিনেতা। ‘পাঠান’ সিনেমাটির অসাধারণ সাফল্যের পর ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে আবারও নিজেকে প্রমাণ করেন শাহরুখ। এই ছবিটি তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার।
এবার নাকি আবার ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির সঙ্গে পুনরায় জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান। সম্প্রতি একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’ ছবিটির দ্বিতীয় পর্ব আসতে চলেছে। কয়েক সপ্তাহ আগেই নাকি চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। ‘কিং’ ছবির কাজ শেষ হওয়ার পরেই এই সিনেমার কাজ শুরু করে দেবেন শাহরুখ।
‘জওয়ান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। এই সিনেমার জন্যও নাকি একজন দক্ষিনী তারকাকে বেছে নেওয়া হয়েছে। যদিও শাহরুখের সঙ্গে কোন দক্ষিণী তারকা অভিনয় করবেন সেটা এখনও খোলসা করে জানানো হয়নি।
জওয়ান সম্পর্কে
অ্যাটলি পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। অভিনয় করেছিলেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার। ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এই ছবির হাত ধরেই পরিচালক অ্যাটলি বলিউডে পদার্পণ করেন পরিচালক হিসেবে।

শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং সম্পর্কে
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন এবং সুহানা খান। এছাড়াও পার্শ্ব চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত এবং অন্যান্যরা। এই অ্যাকশনধর্মী ছবিটির মাধ্যমে সুহানার প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে এবং এটি ২৪ ডিসেম্বর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।