National Junior Judo Championship 2026। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুডোয় পদক জয়

Spread the love

জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের মন জিতে নিলেন লিনথোই চানামবাম। যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র জুডো বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। তাঁর প্রদর্শনী ম্যাচে মুগ্ধ হল হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম। যিনি আগামিদিনে ভারতীয় দলের জার্সিতে কীভাবে এগিয়ে যেতে চান, সে বিষয়েও জানিয়েছেন। মণিপুরের জুডো তারকা জানিয়েছেন, আপাতত তাঁর লক্ষ্য হল ২০২৬ সালের এশিয়ান গেমস এবং সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর এখন পুরোপুরি সেখানেই ফোকাস করছেন বলে জানিয়েছেন লিনথোই।

প্রতিদিন উন্নতি করাই লক্ষ্য, বললেন লিনথোই

ভারতের জুডো তারকা বলেন, ‘আমি শুধু আগামিকালের কথা ভাবি। দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবি না। প্রতিদিন উন্নতি করাই আমার লক্ষ্য। আজ যেখানে আছি, সেখান থেকে কাল আরও একটু ভালো জায়গায় থাকতে চাই।’

আর তিনি সেই মন্তব্য করেছেন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে। আজ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত রাজ্য জুডো সংস্থার সেক্রেটারি তপন বক্সির নামাঙ্কিত এক লাখ টাকার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের কথা ঘোষণা করেন রাজ্য সংস্থার সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

আবারও জাতীয় স্তরের জুডো বাংলায়, কী লাভ হবে?

এমনিতে দীর্ঘ ১৫ বছর পরে সর্বভারতীয় স্তরের কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেল বাংলা জুডোর নিয়ামক সংস্থা। এই প্রসঙ্গে রাজ্য সংস্থার দুই শীর্ষ কর্তা তমাল বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় তরাই জানিয়েছেন, হোম গ্রাউন্ডে এই জাতীয় এক্সপোজার বাংলার খেলোয়াড়দের অনেক কিছু শিখতে সাহায্য করবে। অন্যদিকে বাংলা দলের কোচ প্রতীক চৌধুরী জানিয়েছেন, চলতি চ্যাম্পিয়নশিপে বাংলার খেলোয়াড়রা ফ্রন্টফুটে থেকেই ম্যাটে নেমেছেন। তাঁদের মধ্যে দ্বীপ্তা অধিকারী অন্যতম।

পরিসংখ্যানে ২০২৬ সালের জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ

উল্লেখ্য, দেশের ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৮০০ জুডোকা এই মুহূর্তে বাউট পয়েন্ট দখলের লড়াইয়ে নামছেন। চ্যাম্পিয়নশিপের প্রথমদিনে ছেলেদের বিভাগে ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৬ কেজি ও ৭৩ কেজি ক্যাটাগরিতে খেলা হয়েছে। অন্যদিকে মেয়েদের বিভাগে ৪৪ কেজি, ৪৮ কেজি, ৫২ কেজি ও ৫৭ কেজি বিভাগে খেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *