WB 5th Pay Commission DA। বকেয়া DA মামলায় হিতে-বিপরীত হতে পারে! সতর্কবার্তা আইনজীবীর

Spread the love

বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুনানি শেষ হওয়ার পরে মাসকয়েক কেটে গেলেও এখনও রায়দান করা হয়নি। তা নিয়ে কিছুটা হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এমনকী মেনশনিংয়ের দাবিও তুলছেন কেউ-কেউ। কিন্তু তাতে আদতে কোনও লাভ হবে না বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের (প্রথম থেকেই ডিএ মামলায় যুক্ত আছে) আইনজীবী ফিরদৌস শামিম। উল্টে হিতে-বিপরীত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

হিতে-বিপরীত হতে পারে, দাবি আইনজীবীর

কনফেডারেশনের আইনজীবী দাবি করেন, কবে বকেয়া ডিএ মামলার রায়দান করা হবে, তা নিয়ে প্রতিদিন, প্রতি মুহূর্তে প্রশ্ন করা হয়। কিন্তু সেটার উত্তর নেই তাঁর কাছে। শুধু তিনি একা নন, কোন সময় ডিএ মামলার রায়দান করা হবে, তা রাজ্য সরকারি কর্মচারী সমাজের কারওই জানা নেই। এটা পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে আছে। কেউ-কেউ মেনশনিংয়ের কথা বলছেন। কিন্তু এরকম ক্ষেত্রে অনেক সময় ফল হিতে-বিপরীত হয়ে যায়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কিছু করার সুযোগ একেবারে স্বল্প।

পেনশনভোগীদের নিয়ে বিশেষ বার্তা আইনজীবীর

সেই রেশ ধরে কনফেডারেশনের আইনজীবী দাবি করেছেন, ব্যক্তিগতভাবে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের বিষয়ে বেশি উদ্বিগ্ন। কারণ অনেকেই অসুস্থ। তাঁদের বিভিন্ন ওষুধের প্রয়োজন হয়। পেনশন হিসেবে যে পরিমাণ টাকা পান, তাতে সংসার চালানো যথেষ্ট কঠিন বলে দাবি করেন কনফেডারেশনের আইনজীবী। সেইসঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যদের সঙ্গে আলোচনা করা হতে পারে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী।

সন্তর্পণে পদক্ষেপ করতে হবে, বললেন আইনজীবী

তবে যেটাই হোক না কেন, অত্যন্ত ভেবেচিন্তে এবং সন্তর্পণে পদক্ষেপ করা হবে কনফেডারেশনের আইনজীবী আশ্বাস দিয়েছেন। তিনি দাবি করেছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা অত্যন্ত সংবেদনশীল। তাই সতর্কভাবে পা ফেলতে হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। যে মামলা সেই ২০১৬ সাল থেকে চলছে। প্রাথমিকভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) মামলা দায়ের করা হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *