মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে আপত্তি জানিয়ে বিজেপি। সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়ে সংসদে একটি প্রস্তাব পেশ করেছেন। রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ বাতিলের দাবি জানান তিনি। এরই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকেও রাহুলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেস সাংসদ দেশকে বিভ্রান্ত করছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ‘সম্পূর্ণরূপে আত্মসমর্পণ’ করেছে এবং ‘তাদের লজ্জা হওয়া উচিত যে তারা ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে’।
এই আবহে নিশিকান্ত আজ সংসদে বলেন, ‘লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেছি। তিনি সোরোসের মতো শক্তির সাহায্যে দেশকে বিভ্রান্ত করছেন। তারা দেশের ক্ষতি করতে চায়। আমি যে প্রস্তাবটি পেশ করেছি, তাতে আমি অনুরোধ করেছি যে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল করা হোক এবং তাঁকে সারা জীবনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষোজ্ঞা দেওয়া হোক।’
উল্লেখ্য, এর আগে সংসদে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করেনি মোদী সরকার। এই পরিস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে ভিত্তিহীন সব কথা বলার জন্য স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে বিজেপি। পরে অবশ্য জানা গিয়েছে, রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনবে না বিজেপি। তবে রাহুলের বক্তব্যকে সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলার জন্য দাবি জানাবে।
এর আগে ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ‘যদি ইন্ডিয়া (বিরোধী জোট) ক্ষমতায় থাকত, তা হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় দ্বিপাক্ষিক সমমর্যাদার প্রশ্নে আপস করত না। কিন্তু মোদীর সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে। ভারতের মাটিতে মার্কিন পণ্যের অবাধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে দেশের কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তোলার বন্দোবস্ত করেছে। জ্বালানি নিরাপত্তা বন্ধক দিয়েছে আমেরিকার কাছে। এটি আদতে পাইকারি আত্মসমর্পণ। কেন তিনি (মোদী) ভারতকে বিক্রি করেছেন, তার কারণ হল, তারা (আমেরিকা) তাঁর (মোদী) শ্বাসরোধ করছে। তাঁদের ঘাড়ের উপর চেপে বসেছে।’ সেই ক্ষেত্রে এপস্টিন ফাইলের উল্লেখও করেছিলেন রাহুল গান্ধী।
