নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করলেন যে এখন বাংলার এমন পরিস্থিতি হয়েছে যে সন্ধ্যা নামার আগেই মেয়েদের বাড়ি ফিরে আসতে বলেন মায়েরা। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গ একটা সময় দেশের সবথেকে প্রগতিশীল রাজ্য ছিল। আজ সেখানে সন্ধ্যা হলেই মেয়েদের ফোন করে মা বলেন যে বাড়ি ফিরে এসো, সন্ধ্যা নামার আগে। শক্তির আরাধনা করা বাংলা এরকম পরিস্থিতি মেনে নেবে না। আমি বাংলার মা-বোনেদের ভরসা জোগাচ্ছি যে আপনারা বিজেপিকে নিজেদের আশীর্বাদ দিন। বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত থাকবেন। আর অপরাধীরা জেলে থাকবে। আর এটা মোদীর গ্যারান্টি।’
‘বাংলায় পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা’
সার্বিকভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দামামা আজ ব্রিগেড থেকেই বাজিয়ে দিলেন গেলেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সুরে সুর চড়ালেন, তাতে রাজনৈতিক মহলের ধারণা তেমনই। এদিন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলা ভাষায় উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে বাঙালির আবেগ ও আঞ্চলিক পরিচিতিকে সরাসরি ছুঁতে চেয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘বাংলায় পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা।’

তৃণমূল সরকারকে কড়া তোপ
রাজ্য সরকারকে ‘নির্মম’ বা অত্যাচারী বলে অভিহিত করে মোদী অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্যে আটকে দিচ্ছে। তাঁর কথায়, ‘শাসক দল এখন আতঙ্কিত, কারণ তারা পরিবর্তনের ঢেউ দেখতে পাচ্ছে। কোনও দুর্নীতিবাজকেই রেহাই দেওয়া হবে না, বাংলার হারানো গৌরব বিজেপি ফিরিয়ে আনবে।’